অর্ধাঙ্গী- রোকেয়া সাখাওয়াত হোসেন
|
| অর্ধাঙ্গী |
অর্ধাঙ্গী
রোকেয়া সাখাওয়াত হোসেন
কোন রোগীর চিকিৎসা করিতে হইলে প্রথমে রোগের অবস্থা জানা আবশ্যক। তাই অবলাজাতির উন্নতির পথ আবিষ্কার করিবার পূর্বে তাহাদের অবনতির চিত্র দেখাইতে হয়। আমি ‘স্ত্রীজাতির অবনতি’ শীর্ষক প্রবন্ধে ভগিনীদিগকে জানাইয়াছি যে, আমাদের একটা রোগ আছে- দাসত্ব। সে রোগের কারণ এবং অবস্থা কতক পরিমাণে ইতঃপূর্বে বর্ণনা করা হইয়াছে। এক্ষণে আমরা দেখাইতে চেষ্টা করিব, সেই রোগ হওয়ায় আমাদের সামাজিক অবস্থা কেমন বিকৃত হইয়াছে। ঔষধ পথ্যের বিধান স্থানান্তরে দেওয়া হইবে।
এইখানে গোঁড়া পর্দাপ্রিয় ভগিনীদের অবগতির জন্য দু’ একটা কথা বলিয়া রাখা আবশ্যক বোধ করি। আমি অবরোধ প্রথার বিরুদ্ধে দণ্ডায়মান হই নাই। কেহ যদি আমার ‘স্ত্রীজাতির অবনতি’ প্রবন্ধে পর্দা-বিদ্বেষ ছাড়া আর কোন উদ্দেশ্য দেখিতে না পান, তবে আমাকে মনে করিতে হইবে আমি নিজের মনোভাব উত্তমরূপে ব্যক্ত করিতে পারি নাই, অথবা তিনি প্রবন্ধটি মনোযোগ সহকারে পাঠ করেন নাই।
সে প্রবন্ধে প্রায় সমগ্র নারীজাতির উল্লেখ আছে। সকল সমাজের মহিলাগণই কি অবরোধে বন্দিনী থাকেন? অথবা তাঁহারা পর্দানশীন নহেন বলিয়া কি আমি তাঁহাদিগকে সম্পূর্ণ উন্নত বলিয়াছি? আমি মানসিক দাসত্বের (enslaved মনের) আলোচনা করিয়াছি।
কোন একটা নূতন কাজ করিতে গেলে সমাজ প্রথমত গোলযোগ উপস্থিত করে, এবং পরে সেই নূতন চাল-চলন সহিয়া লয়, তাহারই দৃষ্টান্তস্বরূপ পার্সি মহিলাদের পরিবর্তিত অবস্থার উল্লেখ করিয়াছি। পূর্বে তাঁহারা ছত্র ব্যবহারেরও অধিকারিণী ছিলেন না, তারপর তাঁহাদের বাড়াবাড়িটা সীমা লঙ্ঘন করিয়াছে, তবু তো পৃথিবী ধ্বংস হয় নাই। এখন পার্সি মহিলাদের পর্দা মোচন হইয়াছে সত্য, কিন্তু মানসিক দাসত্ব মোচন হইয়াছে কি? অবশ্যই হয় নাই। আর ঐ যে পর্দা ছাড়িয়াছেন, তাহা দ্বারা তাঁহাদের স্বকীয় বুদ্ধি-বিবেচনার তো কোন পরিচয় পাওয়া যায় না। পার্সি পুরুষগণ কেবল অন্ধভাবে বিলাতি সভ্যতার অনুকরণ করিতে যাইয়া স্ত্রীদিগকে পর্দার বাহিরে আনিয়াছে, ইহাতে অবলাদের জীবনীশক্তির তো কিছু পরিচয় পাওয়া যায় না-তাঁহারা যে জড়পদার্থ, সেই জড়পদার্থই আছেন। পুরুষ যখন তাঁহাদিগকে অন্তঃপুরে রাখিতেন, তাঁহারা তখন সেইখানে থাকিতেন। আবার পুরুষ যখন তাঁহাদের ‘নাকের দড়ি’ ধরিয়া টানিয়া তাঁহাদিগকে মাঠে বাহির করিয়াছেন, তখনই তাঁহারা পর্দার বাহির হইয়াছেন। ইহাতে রমণীকুলের বাহাদুরি কী? ঐরূপ পর্দা-বিরোধ কখনই প্রশংসনীয় নহে।
কলম্বস যখন আমেরিকা আবিষ্কার করিতে কৃতসংকল্প হন, তখন লোকে তাঁহাকে বাতুল বলে নাই কি? নারী আপন স্বত্ব-স্বামিত্ব বুঝিয়া আপনাকে নরের ন্যায় শ্রেষ্ঠ জ্ঞান করিতে চাহে, ইহাও বাতুলতা বই আর কী?
পুরুষগণ স্ত্রীজাতির প্রতি যতটুকু সম্মান প্রদর্শন করেন, তাহাতে আমরা সম্পূর্ণ তৃপ্ত হইতে পারি না। লোকে কালী, শীতলা প্রভৃতি রাক্ষস প্রকৃতির দেবীকে ভয় করে, পূজা করে, সত্য। কিন্তু সেইরূপ বাঘিনী, নাগিনী, সিংহী প্রভৃতি দেবীও কি ভয় ও পূজা লাভ করে না? তবেই দেখা যায় পূজাটা কে পাইতেছেন- রমণী কালী, না রাক্ষসী নৃমুণ্ডমালিনী?
নারীকে শিক্ষা দিবার জন্য গুরুলোকে সীতা দেবীকে আদর্শরূপে দেখাইয়া থাকেন। সীতা অবশ্যই পর্দানশীন ছিলেন না। তিনি রামচন্দ্রের অর্ধাঙ্গী, রাণী, প্রণয়িনী এবং সহচরী। আর রামচন্দ্র প্রেমিক, ধার্মিক-সবই। কিন্তু রাম সীতার প্রতি যে ব্যবহার করিয়াছেন, তাহাতে প্রকাশ পায় যে, একটি পুতুলের সঙ্গে কোন বালকের যে-সম্বন্ধ, সীতার সঙ্গে রামের সম্বন্ধও প্রায় সেইরূপ। বালক ইচ্ছা করিলে পুতুলকে প্রাণপণে ভালবাসিতে পারে; পুতুল হারাইলে বিরহে অধীর হইতে পারে; পুতুলের ভাবনায় অনিদ্রায় রজনী যাপন করিতে পারে; পুতুলটা যে ব্যক্তি চুরি করিয়াছিল, তাহার প্রতি খড়্গহস্ত হইতে পারে; হারানো পুতুল ফিরিয়া পাইলে আহ্লাদে আটখানা হইতে পারে; আবার বিনা কারণে রাগ করিয়াও পুতুলটা কাদায় ফেলিয়া দিতে পারে- কিন্তু পুতুল বালকের কিছুই করিতে পারে না, কারণ, হস্তপদ থাকা সত্ত্বেও পুত্তলিকা অচেতন পদার্থ। বালক তাহার পুতুল স্বেচ্ছায় অনলে উৎসর্গ করিতে পারে, পুতুল পুড়িয়া গেল দেখিয়া ভূমে লুটাইয়া ধূলি-ধূসরিত হইয়া উচ্চৈঃস্বরে কাঁদিতে পারে।
রামচন্দ্র ‘স্বামিত্বের’ ষোলো আনা পরিচয় দিয়াছেন!! আর সীতা?- কেবল প্রভু রামের সহিত বনযাত্রার ইচ্ছা প্রকাশ করিয়া দেখাইয়াছেন যে, তাঁহারও ইচ্ছা প্রকাশের শক্তি আছে। রাম বেচারা অবোধ বালক, সীতার অনুভব-শক্তি আছে, ইহা তিনি বুঝিতে চাহেন নাই। কেননা, বুঝিয়া কার্য করিতে গেলে স্বামিত্বটা পূর্ণমাত্রায় খাটান যাইত না;-সীতার অমন পবিত্র হৃদয়খানি অবিশ্বাসের পদাঘাতে দলিত ও চূর্ণ করিতে পারা যাইত না। আচ্ছা, দেশকালের নিয়মানুসারে কবির ভাষায় সুর মিলাইয়া না হয় মানিয়া লই যে, আমরা স্বামীর দাসী নহি অর্ধাঙ্গী। আমরা তাঁহাদের গৃহে গৃহিণী, মরণে (না হয়, অন্তত তাঁহাদের চাকুরি উপলক্ষে যথাতথা) অনুগামিনী, সুখ-দুঃখে সমভাগিনী, ছায়াতুল্য সহচরী ইত্যাদি।
কিন্তু কলিযুগে আমাদের ন্যায় অর্ধাঙ্গী লইয়া পুরুষগণ কীরূপ বিকলাঙ্গ হইয়াছেন, তাহা কি কেহ একটু চিন্তাচক্ষে দেখিয়াছেন? আক্ষেপের (অথবা প্রভুদের সৌভাগ্যের) বিষয় যে, আমি চিত্রকর নহি- নতুবা এই নারীরূপ অর্ধাঙ্গ লইয়া তাঁহাদের কেমন অপরূপ মূর্তি হইয়াছে, তাহা আঁকিয়া দেখাইতাম।
শুক্লকেশ বুদ্ধিমানগণ বলেন যে, আমাদের সাংসারিক জীবনটা দ্বিচক্র শকটের ন্যায়-এ শকটের একচক্র পতি, অপরটি পত্নী। তাই ইংরেজি ভাষায় কথায় কথায় স্ত্রীকে অংশিনী (partner), উত্তমার্ধ (better half) ইত্যাদি বলে। জীবনের কর্তব্য অতি গুরুতর, সহজ নহে-
“সুকঠিন
গার্হস্থ্য
ব্যাপার
সুশৃঙ্খলে কে পারে চালাতে?
রাজ্যশাসনের
রীতিনীতি
সূক্ষ্মভাবে
রয়েছে ইহাতে।”
বোধ হয় এই গার্হস্থ্য ব্যাপারটাকে মস্তকস্বরূপ কল্পনা করিয়া শাস্ত্রকারগণ পতি ও পত্নীকে তাহার অঙ্গস্বরূপ বলিয়াছেন। তবে দেখা যাউক বর্তমান যুগে সমাজের মূর্তিটা কেমন।
মনে করুন, কোন স্থানে পূর্বদিকে একটি বৃহৎ দর্পণ আছে, যাহাতে আপনি আপাদমস্তক নিরীক্ষণ করিতে পারেন। আপনার দক্ষিণাঙ্গভাগ পুরুষ এবং বামাঙ্গভাগ স্ত্রী। এই দর্পণের সম্মুখে দাঁড়াইয়া দেখুন-
আপনার দক্ষিণ বাহু দীর্ঘ (ত্রিশ ইঞ্চি) এবং স্কুল, বাম বাহু দৈর্ঘ্যে চব্বিশ ইঞ্চি এবং ক্ষীণ। দক্ষিণ চরণ দৈর্ঘ্যে ১২ ইঞ্চি, বাম চরণ অতিশয় ক্ষুদ্র। দক্ষিণ স্কন্ধ উচ্চতায় পাঁচ ফিট, বাম স্কন্ধ উচ্চতায় চারি ফিট! (তবেই মাথাটা সোজা থাকিতে পারে না, বাম দিকে ঝুঁকিয়া পড়িতেছে। কিন্তু আবার দক্ষিণ কর্ণভারে বিপরীত দিকেও একটু ঝুঁকিয়াছে।) দক্ষিণ কর্ণ হস্তিকর্ণের ন্যায় বৃহৎ, বাম কর্ণ রাসভকর্ণের ন্যায় দীর্ঘ! দেখুন। ভাল করিয়া দেখুন, আপনার মূর্তিটা কেমন!! যদি এ মূর্তিটা অনেকের মনোমত না হয়, তবে দ্বিচক্র শকটের গতি দেখাই। যে শকটের এক চক্র বড় (পতি) এবং এক চক্র ছোট (পত্নী) হয়, সে শকট অধিক দূরে অগ্রসর হইতে পারে না-সে কেবল একই স্থানে (গৃহকোণেই) ঘুরিতে থাকিবে। তাই ভারতবাসী উন্নতির পথে অগ্রসর হইতে পারিতেছেন না।
সমাজের বিধি-ব্যবস্থা আমাদিগকে তাহাদের অবস্থা হইতে সম্পূর্ণ পৃথক রাখিয়াছে; তাঁহাদের সুখ-দুঃখ এক প্রকার, আমাদের সুখ-দুঃখ অন্য প্রকার। এস্থলে বাবু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নবদম্পতির প্রেমালাপ’ কবিতার দুই চারি ছত্র উদ্ধৃত করিতে বাধ্য হইলাম-
“বর। কেন
সখি
কোণে কাঁদিছ বসিয়া?
কনে। পুষি
মেনিটিরে ফেলিয়া
এসেছি ঘরে।
বর। কী করিছ বনে
কুঞ্জভবনে?
কনে। খেতেছি বসিয়া
টোপা কুল।
* * * * * * * * * * * * * * *
বর। জগৎ ছানিয়া, কী দিব আনিয়া জীবন করি
ক্ষয়?
তোমা তরে সখি, বল করিব কী?
কনে। আরো কুল
পাড় গোটা
ছয়।
* * * * * * * * * * * * * * *
বর।
বিরহের বেলা কেমনে
কাটিবে?
কনে। দেব পুতুলের
বিয়ে।”
সুতরাং দেখা যায় কন্যাকে এরূপ শিক্ষা দেওয়া হয় না, যাহাতে সে স্বামীর ছায়াতুল্যা সহচরী হইতে পারে। প্রভুদের বিদ্যার গতির সীমা নাই, স্ত্রীদের বিদ্যার দৌড় সচরাচর ‘বোধোদয়’ পর্যন্ত!
স্বামী যখন পৃথিবী হইতে সূর্য ও নক্ষত্রের দূরত্ব মাপেন, স্ত্রী তখন একটা বালিশের ওয়াড়ের দৈর্ঘ্য প্রন্থ (সেলাই করিবার জন্য) মাপেন! স্বামী যখন কল্পনা -সাহায্যে সুদূর আকাশে গ্রহনক্ষত্রমালা-বেষ্টিত সৌরজগতে বিচরণ করেন, সূর্যমণ্ডলের ঘনফল তুলাদণ্ডে ওজন করেন এবং ধূমকেতুর গতি নির্ণয় করেন, স্ত্রী তখন রন্ধনশালায় বিচরণ করেন, চাউল ডাউল ওজন করেন এবং রাঁধুনির গতি নির্ণয় করেন। বলি জ্যোতির্বেত্তা মহাশয়, আপনার পার্শ্বে আপনার সহধর্মিণী কই? বোধ হয়, গৃহিণী যদি আপনার সঙ্গে সূর্যমণ্ডলে যান, তবে তথায় পুঁহুছিবার পূর্বেই পথিমধ্যে উত্তাপে বাষ্পীভূত হইয়া যাইবেন। তবে সেখানে গৃহিণীর না যাওয়াই ভাল!!
অনেকে বলেন, স্ত্রীলোকদের উচ্চশিক্ষার প্রয়োজন নাই। মেয়েরা চর্ব্যচোষ্য রাঁধিতে পারে, বিবিধ প্রকার সেলাই করিতে পারে, দুই-চারিখানা উপন্যাস পাঠ করিতে পারে, ইহাই যথেষ্ট। আর বেশি আবশ্যক নাই। কিন্তু ডাক্তার বলেন যে, আবশ্যক আছে, যেহেতু মাতার দোষ-গুণ লইয়া পুত্রগণ ধরাধামে অবতীর্ণ হয়। এইজন্য দেখা যায় যে, আমাদের দেশে অনেক বালক শিক্ষকের বেত্রতাড়নায় কণ্ঠস্থ বিদ্যার জোরে এফএ, বিএ পাশ হয় বটে; কিন্তু বালকের মনটা তাহার মাতার সহিত রান্নাঘরেই ঘুরিতে থাকে! তাহাদের বিদ্যা পরীক্ষায় এ কথার সত্যতার উপলব্ধি হইতে পারে।
আমার জনৈক বন্ধু তাঁহার ছাত্রকে উত্তর-দক্ষিণ প্রভৃতি দিঙনির্ণয়ের কথা (cardinal points) বুঝাইতেছিলেন। শেষে তিনি প্রশ্ন করিলেন, “যদি তোমার দক্ষিণহস্ত পশ্চিমে এবং বামহন্ত পূর্বে থাকে, তবে তোমার মুখ কোন্ দিকে হইবে?” উত্তর পাইলেন, “আমার পশ্চাৎ দিকে।”
যাঁহারা কন্যার ব্যায়াম করা অনাবশ্যক মনে করেন, তাঁহারা দৌহিত্রকে হৃষ্টপুষ্ট ‘পাহল-ওয়ান’ দেখিতে চাহেন কি না? তাঁহাদের দৌহিত্র ঘুষিটা খাইয়া থাপড়টা মারিতে পারে, এরূপ ইচ্ছা করেন কি না? যদি সেরূপ ইচ্ছা করেন, তবে বোধ হয়, তাঁহারা সুকুমারী গোলাপ-লতিকায় কাঁঠাল ফলাইতে চাহেন!! আর যদি তাঁহারা ইচ্ছা করেন যে দৌহিত্রও বলিষ্ঠ হয়, বরং পয়জার পেটা হইয়া নত মন্তকে উচ্চৈঃস্বরে বলে, “মাৎ মারো! চোট লাগতা হায়!!” এবং পয়জার লাভ শেষ হইলে দূরে গিয়া প্রহারকর্তাকে শাসাইয়া বলে যে, “কায় মারতা থা? হাম নালিশ করে গা!” তাহা হইলে আমি তাঁহাদিগকে আমার বক্তব্য বুঝাইতে অক্ষম।
খ্রিষ্টিয়ান সমাজে যদিও স্ত্রীশিক্ষার যথেষ্ট সুবিধা আছে, তবু রমণী আপন স্বত্ব ষোলো আনা ভোগ করিতে পায় না। তাহাদের মন দাসত্ব হইতে মুক্তি পায় না। স্বামী ও স্ত্রী কতক পরিমাণে জীবনের পথে পাশাপাশি চলিয়া থাকেন বটে; কিন্তু প্রত্যেক উত্তমার্ধই (better half) তাঁহার অংশীর (partner-এর) জীবনে জীবন মিলাইয়া তন্ময়ী হইয়া যান না। স্বামী যখন ঋণজালে জড়িত হইয়া ভাবিয়া ভাবিয়া মরমে মরিতেছেন, স্ত্রী তখন একটা নূতন টুপির (bonnet-এর) চিন্তা করিতেছেন। কারণ তাঁহাকে কেবল মূর্তিমতী কবিতা হইতে শিক্ষা দেওয়া হইয়াছে- তাই তিনি মনোরমা কবিতা সাজিয়া থাকিতে চাহেন। ঋণদায়রূপ গদ্য (prosaic) অবস্থা তিনি বুঝিতে অক্ষম। এখন মুসলমান সমাজে প্রবেশ করা যাউক; মুসলমানের মতে আমরা পুরুষের ‘অর্ধেক’, অর্থাৎ দুইজন নারী একজন নরের সমতুল্যা। অথবা দুইটি ভ্রাতা ও একটি ভগিনী একত্র হইলে আমরা ‘আড়াইজন’ হই। আপনারা ‘মহম্মদীয় আইনে’ দেখিতে পাইবেন যে বিধান আছে, পৈতৃক সম্পত্তিতে কন্যা পুত্রের অর্ধেক ভাগ পাইবে। এ নিয়মটি কিন্তু পুস্তকেই সীমাবদ্ধ। যদি আপনারা একটু পরিশ্রম স্বীকার করিয়া কোন ধনবান মুসলমানের সম্পত্তি বিভাগ করা দেখেন, কিংবা জমিদারি পরিদর্শন করিতে যান, তবে দেখিবেন, কার্যত কন্যার ভাগে শূন্য (০) কিংবা যৎসামান্য পড়িতেছে।
আমি এখন অপার্থিব সম্পত্তির কথা বলিব। পিতার স্নেহ, যত্ন ইত্যাদি অপার্থিব সম্পত্তি। এখানেও পক্ষপাতিতার মাত্রা বেশি। ঐ যত্ন, স্নেহ, হিতৈষিতার অর্ধেকই আমরা পাই কই? যিনি পুত্রের সুশিক্ষার জন্য চারিজন শিক্ষক নিযুক্ত করেন, তিনি কন্যার জন্য দুইজন শিক্ষয়িত্রী নিযুক্ত করেন কি? যেখানে পুত্র তিনটা (বি. এ. পর্যন্ত) পাস করে, সেখানে কন্যা দেড়টা পাস (এনট্রান্স পাশ ও এফ. এ. ফেল) করে কি? পুত্রদের বিদ্যালয়ের সংখ্যা করা যায় না, বালিকাদের বিদ্যালয় সংখ্যায় পাওয়াই যায় না। যে স্থলে ভ্রাতা ‘শমস-উল-ওলামা’ সেস্থলে ভগিনী ‘নজম্-উল-ওলামা’ হইয়াছেন কি? তাঁহাদের অন্তঃপুর গগনে অসংখ্য ‘নজমন্নেসা’, ‘শমসন্নেসা’ শোভা পাইতেছেন বটে। কিন্তু আমরা সাহিত্য-গগনে 'নজম-উল-ওলামা' দেখিতে চাই!
আমাদের জন্য এদেশে শিক্ষার বন্দোবস্ত সচরাচর এইরূপ- প্রথমে আরবীয় বর্ণমালা, অতঃপর কুরআন শরীফ পাঠ। কিন্তু শব্দগুলির অর্থ বুঝাইয়া দেওয়া হয় না, কেবল স্মরণশক্তির সাহায্যে টিয়াপাখির মত আবৃত্তি কর। কোন পিতার হিতৈষণার মাত্রা বৃদ্ধি হইলে, তিনি দুহিতাকে ‘হাফেজ’ করিতে চেষ্টা করেন। সমুদয় কুরআনখানি যাঁহার কণ্ঠস্থ থাকে, তিনিই ‘হাফেজ’। আমাদের আরবি শিক্ষা ঐ পর্যন্ত। পারস্য এবং উর্দু শিখিতে হইলে, প্রথমেই “কারিমা ববখশা এ বরহালে মা” এবং একেবারে (উর্দু) ‘বানাতন নাস’ পড়! একে আকার ইকার নাই, তাতে আবার আর কোন সহজ পাঠ্যপুস্তক পূর্বে পড়া হয় নাই, সুতরাং পাঠের গতি দ্রুতগামী হয় না। অনেকের ঐ কয়খানি পুস্তক পাঠ শেষ হওয়ার পূর্বেই কন্যা-জীবন শেষ হয়। বিবাহ হইলে বালিকা ভাবে, “যাহা হোক, পড়া হইতে রক্ষা পাওয়া গেল!” কোন কোন বালিকা রন্ধন ও সূচিকর্মে সুনিপুণা হয়। বঙ্গদেশেও বালিকাদিগকে রীতিমত বঙ্গভাষা শিক্ষা দেওয়া হয় না। কেহ কেহ উর্দু পড়িতে শিখে, কিন্তু কলম ধরিতে শিখে না। ইহাদের উন্নতির চরমসীমা সলমা চুমকির কারুকার্য, উলের জুতা-মোজা ইত্যাদি প্রস্তুত করিতে শিক্ষা পর্যন্ত।
যদি ধর্মগুরু মুহাম্মদ (স) আপনাদের হিসাব-নিকাশ লয়েন যে, “তোমরা কন্যার প্রতি কীরূপ ন্যায় ব্যবহার করিয়াছ?” তবে আপনারা কী বলিবেন? পয়গম্বরদের ইতিহাসে শোনা যায়, জগতে যখনই মানুষ বেশি অত্যাচার-অনাচার করিয়াছে, তখনই এক-এক জন পয়গম্বর আসিয়া দুষ্টের দমন ও শিষ্টের পালন করিয়াছেন। আরবে স্ত্রীজাতির প্রতি অধিক অত্যাচার হইতেছিল; আরববাসিগণ কন্যাহত্যা করিতেছিল, তখন হযরত মুহাম্মদ (স) কন্যাকুলের রক্ষকস্বরূপ দণ্ডায়মান হইয়াছিলেন। তিনি কেবল বিবিধ ব্যবস্থা দিয়াই ক্ষান্ত থাকেন নাই, স্বয়ং কন্যা পালন করিয়া আদর্শ দেখাইয়াছেন। তাঁহার জীবন ফাতেমাময় করিয়া দেখাইয়াছেন- কন্যা কীরূপ আদরণীয়া। সে আদর, সে স্নেহ জগতে অতুল।
আহা! তিনি নাই বলিয়া আমাদের এ দুর্দশা। তবে আইস ভগিনীগণ। আমরা সকলে সমম্বরে বলি:
“করিমা ববঙ্গা-এ বরহালে মা।” করিম (ঈশ্বর) অবশ্যই কৃপা করিবেন। যেহেতু “সাধনায় সিদ্ধি।” আমরা ‘করিমের’ অনুগ্রহ লাভের জন্য যত্ন করিলে অবশ্যই তাঁহার করুণা লাভ করিব। আমরা ঈশ্বর ও মাতার নিকট ভ্রাতাদের 'অর্ধেক' নহি। তাহা হইলে এইরূপ স্বাভাবিক বন্দোবস্ত হইত-পুত্র যেখানে দশ মাস স্থান পাইবে, দুহিতা সেখানে পাঁচ মাস! পুত্রের জন্য যতখানি দুগ্ধ আমদানি হয়, কন্যার জন্য তাহার অর্ধেক! সেরূপ তো নিয়ম নাই! আমরা জননীর স্নেহ-মমতা ভ্রাতার সমানই ভোগ করি। মাতৃ-হৃদয়ে পক্ষপাতিতা নাই। তবে কেমন করিয়া বলিব, ঈশ্বর পক্ষপাতী? তিনি কি মাতা অপেক্ষা অধিক করুণাময় নহেন?
আমি এবার রন্ধন ও সূচিকার্য সম্বন্ধে যাহা বলিয়াছি, তাহাতে আবার যেন কেহ মনে না করেন যে, আমি সূচিকর্ম ও রন্ধনশিক্ষার বিরোধী। জীবনের প্রধান প্রয়োজনীয় বস্তু অন্নবস্ত্র; সুতরাং রন্ধন ও সেলাই অবশ্য শিক্ষণীয়। কিন্তু তাই বলিয়া জীবনটাকে শুধু রান্নাঘরেই সীমাবদ্ধ রাখা উচিত নহে।
স্বীকার করি যে, শারীরিক দুর্বলতাবশত নারী জাতি অপর জাতির সাহায্যে নির্ভর করে। তাই বলিয়া পুরুষ ‘প্রভু’ হইতে পারে না। কারণ জগতে দেখিতে পাই, প্রত্যেকেই প্রত্যেকের নিকট কোন-না-কোন প্রকার সাহায্য প্রার্থনা করে, যেন একে অপরের সাহায্য ব্যতীত চলিতে পারে না। তরুলতা যেমন বৃষ্টির সাহায্যপ্রার্থী, মেঘও সেইরূপ রুর সাহায্য চায়। জল বৃদ্ধির নিমিত্ত নদী বর্ষার সাহায্য পায়, মেঘ আবার নদীর নিকট ঋণী। তবে তরঙ্গিনী কাদম্বিনীর ‘স্বামী’, না কাদম্বিনী তরঙ্গীনীর ‘স্বামী’? এ স্বাভাবিক নিয়মের কথা ছাড়িয়া কেবল সামাজিক নিয়মে দৃষ্টিপাত করিলেও আমরা তাহাই দেখি।
কেহ সূত্রধর, কেহ তন্তুবায় ইত্যাদি। একজন ব্যারিস্টার ডাক্তারের সাহায্যপ্রার্থী, আবার ডাক্তারও ব্যারিস্টারের সাহায্য চাহেন। তবে ডাক্তারকে ব্যারিস্টারের স্বামী বলিব, না ব্যারিস্টার ডাক্তারের স্বামী? যদি ইহাদের কেহ কাহাকে 'স্বামী' বলিয়া স্বীকার না করেন, তবে শ্রীমতীগণ জীবনের চিরসঙ্গী শ্রীমানদিগকে 'স্বামী' ভাবিবেন কেন?
আমরা উত্তমার্ধ (better halves) তাঁহারা নিকৃষ্টার্থ (worse halves), আমরা অর্ধাঙ্গী, তাঁহারা অর্ধাঙ্গ। অবলার হাতেও সমাজের জীবন মরণের কাঠি আছে, যেহেতু “না জাগিলে সব ভারত-ললনা” এ ভারত আর জাগিতে পারিবে না। প্রভুদের ভীরুতা কিংবা তেজস্বিতা জননীর ইচ্ছার উপর নির্ভর করে। তবে কেবল শারীরিক বলের দোহাই দিয়া অদূরদর্শী ভ্রাতৃ মহোদয়গণ যেন শ্রেষ্ঠত্বের দাবি না করেন!
আমরা পুরুষের ন্যায় সুশিক্ষা ও অনুশীলনের সম্যক সুবিধা না পাওয়ায় পশ্চাতে পড়িয়া আছি। সমান সুবিধা পাইলে আমরাও কি শ্রেষ্ঠত্ব লাভ করিতে পারিতাম না? আশৈশব আত্মনিন্দা শুনিতেছি, তাই এখন আমরা অন্ধভাবে পুরুষের শ্রেষ্ঠতা স্বীকার করি এবং নিজেকে অতি তুচ্ছ মনে করি। অনেক সময় “হাজার হোক ব্যাটা ছেলে!” বলিয়া ব্যাটা ছেলেদের দোষ ক্ষমা করিয়া অন্যায় প্রশংসা করি। এই তো ভুল।
আমি ভগিনীদের কল্যাণ কামনা করি। তাঁহাদের ধর্মবন্ধন বা সমাজবন্ধন ছিন্ন করিয়া তাঁহাদিগকে একটা উন্মুক্ত প্রান্তরে বাহির করিতে চাহি না। মানসিক উন্নতি করিতে হইলে হিন্দুকে হিন্দুত্ব বা খ্রিষ্টানকে খ্রিষ্টানি ছাড়িতে হইবে এমন কোন কথা নাই। আপন আপন সম্প্রদায়ের পার্থক্য রক্ষা করিয়াও মনটাকে স্বাধীনতা দেওয়া যায়। আমরা যে কেবল উপযুক্ত শিক্ষার অভাবে অবনত হইয়াছি, তাই বুঝিতে ও বুঝাইতে চাই।
অনেকে হয়তো ভয় পাইয়াছেন যে, বোধ হয় একটা পত্নী-বিদ্রোহের আয়োজন করা হইতেছে। অথবা ললনাগণ দলে দলে উপস্থিত হইয়া বিপক্ষকে রাজকীয় কার্যক্ষেত্র হইতে তাড়াইয়া দিয়া সেই পদগুলি অধিকার করিবেন-শামলা, চোগা, আইন-কানুনের পাঁজি-পুঁথি লুঠিয়া লইবেন। অথবা সদলবলে কৃষিক্ষেত্রে উপস্থিত হইয়া কৃষকগুলিকে তাড়াইয়া দিয়া তাহাদের শস্যক্ষেত্র দখল করিবেন, হাল গরু কাড়িয়া লইবেন, তবে তাঁহাদের অভয় দিয়া বলিতে হইবে- নিশ্চিন্ত থাকুন।
পুরুষগণ আমাদিগকে সুশিক্ষা হইতে পশ্চাদপদ রাখিয়াছেন বলিয়া আমরা অকর্মণ্য হইয়া গিয়াছি। ভারতে ভিক্ষু ও ধনবান-এই দুই দল লোক অলস; এবং ভদ্রমহিলার দল কর্তব্য অপেক্ষা অল্প কাজ করে। আমাদের আরাম-প্রিয়তা খুব বাড়িয়াছে। আমাদের হস্ত, মন, পদ, চক্ষু ইত্যাদির সদ্ব্যবহার করা হয় না। দশজন রমণীরত্ন একত্র হইলে ইহার উহার-বিশেষত আপন আপন অর্ধাঙ্গের নিন্দা কিংবা প্রশংসা করিয়া বাকপটুতা দেখায়। আবশ্যক হইলে কোন্দলও চলে। আশা করি এখন ‘স্বামী’র স্থলে ‘অর্ধাঙ্গ’ শব্দ প্রচলিত হইবে।
| উৎস নির্দেশ : |
|---|
| ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধটি রোকেয়া সাখাওয়াত হোসেন প্রবন্ধগ্রন্থ ‘মতিচূর’ গ্রন্থের প্রথম খণ্ড থেকে সংকলিত হয়েছে। |
| ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের শব্দার্থ ও টীকা : |
|---|
|
➠ অর্ধাঙ্গী- স্ত্রী ➠ আবশ্যক- দরকার। ➠ অবলাজাতি- বলহীনা। এখানে নারীসমাজ অর্থে ব্যবহৃত। ➠ অবনতি- অনুন্নতি, হীনতা। ➠ ইতঃপূর্বে- এর আগে। ➠ পথ্য- রোগীর জন্য উপযুক্ত আহার্য। রোগান্তে গ্রহণযোগ্য খাদ্য। ➠ বিধান- শাস্ত্রবিহিত নিয়ম রীতি-নীতি। ➠ স্থানান্তর- ভিন্ন স্থান। ➠ ভগিনী- সহোদরা; বোন। ➠ গোঁড়া- ধর্মমতে অন্ধবিশ্বাসী ও একগুঁয়ে; অতিশয় সংরক্ষণশীল মনোভাবাপন্ন। ➠ অবরোধ প্রথা- অন্তঃপুরে লোকচক্ষুর আড়ালে মেয়েদের আটক রাখার নিয়ম। ➠ দণ্ডায়মান- দণ্ডের মতো খাড়া; দাঁড়িয়ে আছে এরূপ; খাড়া। ➠ চাল-চলন- রীতি-নীতি; আচার-ব্যবহার। ➠ পার্সি- পারস্য দেশের অর্থাৎ ইরানি। ➠ ছত্র- ছাতা ➠ মোচন- ত্যাগ, ছেড়ে দেওয়া। ➠ স্বকীয়- স্বীয়, নিজের। ➠ বিলাতি সভ্যতা- পাশ্চাত্য সভ্যতা। ➠ অনুকরণ- নকল। ➠ জড়পদার্থ- যে সকল বস্তুর চেতনা নেই। ➠ নাকের দড়ি- নাকাল ও বাধ্য করার অস্ত্র। ➠ বাহাদুরি- পৌরুষ; কৃতিত্বের গৌরব। ➠ কলম্বস- ক্রিস্টোফার কলম্বস (১৪৪৭-১৫০৬) প্রসিদ্ধ ইতালীয় নাবিক এবং আমেরিকা মহাদেশের আবিষ্কর্তা। স্পেনের রাজদম্পতি ফার্ডিনান্ড ও ইজাবেলার পৃষ্ঠপোষকতায় ১৪৯২ খ্রিষ্টাব্দে প্রথম সমুদ্রযাত্রা করেন। প্রথমে তিনি কিউবা, বাহামা প্রভৃতি দ্বীপ এবং ক্রমে জ্যামাইকা, দক্ষিণ আমেরিকা, ত্রিনিদাদ প্রভৃতি আবিষ্কার করেন। ➠ কৃতসংকল্প- প্রতিজ্ঞা করেছে এমন, স্থিরসংকল্প। ➠ স্বত্ব-স্বামিত্ব- অধিকার ও মালিকানা। ➠ বাতুল- পাগল, উন্মাদ। ➠ স্বত্ব-স্বামিত্ব- অধিকার ও মালিকানা। ➠ বাতুলতা- পাগলামি। ➠ বই- ছাড়া। ➠ তৃপ্ত- সন্তুষ্ট ➠ কালী- শিবপত্নী; দশ মহাবিদ্যার অন্যতম; চণ্ডিকার একটি রূপ। ➠ শীতলা- বসন্তরোগের কল্পিত অধিষ্ঠাত্রী দেবী। বসন্তরোগ। ➠ রাক্ষস- পুরাণে কল্পিত ভয়ংকরদর্শন নরখাদক প্রাণিবিশেষ। ➠ নৃ- নর; পুরুষ। ➠ নৃমুণ্ড- মানুষের মস্তক বা মাথা। ➠ নৃমুণ্ডমালিনী- হিন্দু দেবী কালী; নরমুণ্ডসমূহ গ্রথিত মালাধারণকারিণী। ➠ সীতা- রামায়ণে বর্ণিত মিথিলারাজ জনকের কন্যা ও রামচন্দ্রের পত্নী। ➠ পর্দানশীন- অবরোধবাসিনী; পর্দার অন্তরালে বাস করে এমন। ➠ রামচন্দ্র- রামায়ণে বর্ণিত দশরথ ও কৌশল্যার পুত্র এবং সীতার স্বামী। ➠ প্রণয়িনী- অনুরক্ত রমণী; প্রেমের যোগ্য নারী বা নায়িকা। ➠ সহচরী- সঙ্গে বিচরণ করে এমন; সঙ্গী; সাথী। ➠ অধীর- ব্যাকুল, উৎকণ্ঠিত, ব্যগ্র; কাতর। ➠ রজনী- রাত্রি, নিশা। ➠ খড়্গহস্ত- অস্ত্র দিয়ে আঘাত করতে উদ্যত এমন; অত্যন্ত ক্ষুব্ধ; কুপিত। ➠ আহ্লাদ- হর্ষ; আনন্দ; আমোদ। ➠ আটখানা- অস্থির; কুটিকুটি। ➠ হস্তপদ- হাতপা। ➠ পুত্তলিকা- খড়ের তৈরি মানুষের প্রতিমূর্তি; পুতুল। ➠ ভূমে- ভূমিতে; পৃথিবীতে। ➠ উৎসর্গ- স্বত্বত্যাগ করে দান। ➠ ধূলি-ধূসরিত- ধুলো লেগে মলিন। ➠ উচ্চৈঃস্বরে- উচ্চরব; চিৎকার; জোরগলা। ➠ ষোলো আনা- সম্পূর্ণ, পুরোপুরি। ➠ স্বামিত্ব- মালিকানা, অধিকার। ➠ বেচারা- নিরুপায় ব্যক্তি। নিরীহ লোক। ➠ অবোধ- অবুঝ। ➠ অমন- ওইরূপ; ওই প্রকার। ➠ পদাঘাত- পা দিয়ে আঘাত; পদপ্রহার। ➠ দলিত- পিষ্ট; নিপীড়িত। ➠ চূর্ণ- সম্পূর্ণ ভগ্ন; গুঁড়োয় পরিণত। ➠ দেশকাল- স্থান ও সময়। ➠ নহি- না হই; নই। ➠ অর্ধাঙ্গী- স্বামী-স্ত্রীকে পুরো পরিবারের একক হিসেবে কল্পনা করে স্ত্রীকে অর্ধাঙ্গী গণ্য করা হয়। ➠ যথাতথা- যত্রতত্র; যেখানে- সেখানে। ➠ অনুগামিনী- অনুসরণকারিণী; পশ্চাদ্গামিনী; সহযাত্রী। ➠ কলিযুগ- হিন্দুদের পুরাণ বর্ণিত চতুর্থ বা শেষ যুগ; ধর্মভাবের অভাবের ফলে অঘটন সংঘটনের যুগ। ➠ বিকলাঙ্গ- এক বা একাধিক অঙ্গ নেই এমন; অঙ্গহীন। ➠ আক্ষেপ- অঙ্গবিক্ষেপ; ক্ষোভ প্রকাশ; বিলাপ। ➠ সৌভাগ্য- শুভ বা কল্যাণকর অদৃষ্ট; অনুকূল ভাগ্য। ➠ চিত্রকর- পটুয়া; চিত্রশিল্পী। ➠ শুক্লকেশ- শুভ্র বা সাদা চুল বিশিষ্ট, পক্বকেশ। ➠ দ্বিচক্র- দু চাকা। ➠ শকট- গাড়ি, যান। ➠ দ্বিচক্র শকট- পা-দানে (padal) চাপ দিয়ে চাকা ঘোরানো হয় এমন দু চাকার যান (পেছনের চাকার ওপর চালকের আসনযুক্ত); সাইকেল। ➠ পতি- স্বামী; পালক; রক্ষক। ➠ পত্নী- জায়া; ভার্যা; স্ত্রী। ➠ উত্তমার্ধ- স্ত্রী। ➠ গুরুতর- মারাত্মক; জটিল। ➠ গার্হস্থ্য- গৃহস্থের কর্তব্য বা ধর্ম; সংসার। ➠ রীতিনীতি- আচার-আচরণ; প্রথা; রেওয়াজ। ➠ সূক্ষ্মভাবে- পুঙ্খানুপুঙ্খভাবে। ➠ শাস্ত্রকার- শাস্ত্র-রচয়িতা, প্রাচীন ধর্মগ্রন্থ-প্রণেতা। ➠ মূর্তি- চিত্র; রূপ। ➠ দর্পণ- আয়না। ➠ আপাদমস্তক- পা থেকে মাথা পর্যন্ত। ➠ নিরীক্ষণ- মনোযোগের সঙ্গে পরীক্ষা; যত্ন সহকারে অবলোকন; অভিনিবেশের সঙ্গে দর্শন। ➠ রাসভকর্ণ- গাধার কান। ➠ মনোমত- ইচ্ছানুরূপ; পছন্দসই, মনের মতো। ➠ বিধিব্যবস্থা- আইনকানুন; নিয়মকানুন। ➠ নবদম্পতির প্রেমালাপ- কবিতাটি প্রকৃত নাম হলো ‘নববঙ্গদম্পতির প্রেমালাপ’। যা মানসী কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত। কবিতাটি তিনটি অংশে বিভক্ত: বাসরশয়নে, সরোদানে, অন্দর বাগানে। ➠ ছত্র- পদ্যে পঙ্ক্তি বা চরণ, লাইন। ➠ উদ্ধৃত- কোনে রচনা বা উক্তি থেকে সংগৃহীত বা সংকলিত। ➠ বর- স্বামী। ➠ কনে- নববধূ; নববিবাহিত কন্যা। ➠ সখী- নারীর নারীবন্ধু; বান্ধবী; সঙ্গিনী। এখানে স্ত্রীকে সখী বলে সম্বোধন করেছেন। ➠ পুষি- লালনপালন করি। ➠ মেনি- বিড়ালী। ➠ কুঞ্জভবন- লতাপাতায় আচ্ছাদিত গৃহাকার ভবন। ➠ টোপা কুল- দেশি কুলবিশেষ। ➠ ক্ষয়- ধ্বংস; বিনাশ। ➠ পাড়- বৃন্তচ্যুত করো। ➠ বিরহ- প্রিয়জনের সঙ্গে বিচ্ছেদ। ➠ বেলা- সময়। ➠ দেব- দিবো। ➠ সচরাচর- সাধারণত; প্রায়শ; প্রায়ই। ➠ ‘বোধোদয়’- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ‘শিশুশিক্ষা’ তৃতীয় ভাগ বইয়ের নাম। ‘বোধোদয়’ প্রথম প্রকাশিত হয় ১৮৫১ খ্রিষ্টাব্দে। ➠ নক্ষত্র- রাতে মহাকাশে দৃশ্যমান আলোকবিন্দুর মতো জাজ্বল্যমান মহাজাগতিক গ্যাসীয় বস্তু; তারা; তারকা। ➠ ওয়াড়- লেপ-বালিশ ইত্যাদির আবরণ। ➠ কল্পনা- ধারণা; আন্দাজ; অনুমান। ➠ গ্রহনক্ষত্রমালা- মহাজাগতিক জ্যোতিষ্কসমূহ। ➠ বেষ্টিত- ঘেরাও করা হয়েছে। ➠ সৌরজগৎ- সূর্য ও তার গ্রহ-উপগ্রহ মিলে যে জগৎ। ➠ সূর্য- সৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র-যাকে কেন্দ্র করে গ্রহসমূহ আবর্তিত হয় এবং যার নিকট থেকে গ্রহ-উপগ্রহসমূহ আলো ও তাপ পেয়ে থাকে-পৃথিবী থেকে এর দূরত্ব ৯,৩০,০০,০০০ মাইল, এর ব্যাস ৮,৬৪,০০০ মাইল এবং এর ভর পৃথিবীর তুলনায় ৩,৩০,০০০ হাজার গুণ। ➠ তুলাদণ্ড- দাঁড়িপাল্লা। ➠ ধূমকেতু- উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণরত উজ্জ্বল কেন্দ্র ও অনুজ্জ্বল পুচ্ছবিশিষ্ট গ্যাসীয় জ্যোতিষ্কবিশেষ; ঝাঁটাতারা। ➠ রন্ধনশালা- রান্নাঘর; রসুইঘর; পাকঘর। ➠ বিচরণ- চলাফেরা করা। ➠ রাঁধুনি- রান্না করা যার পেশা; পাচিকা; রন্ধনকারী। ➠ জ্যোতির্বেত্তা- নভোমণ্ডল গ্রহনক্ষত্র জ্যোতিষ্ক প্রভৃতি বিষয়ক বিজ্ঞানে পারদর্শী। ➠ সহধর্মিণী- স্ত্রী; পত্নী; ভার্যা। ➠ উত্তাপ- তাপ; উষ্ণতা। ➠ চর্ব্যচোষ্য- চিবিয়ে ও চুষে খেতে হয় এমন। ➠ বিবিধ- বহুবিধ; হরেক রকম। ➠ যথেষ্ট- প্রচুর; ঢের। ➠ ধরাধাম- পৃথিবী; মর্ত্যলোক; সংসার। ➠ অবতীর্ণ- উপনীত; উপস্থিত। ➠ বেত্রতাড়না- বেতের শাসন; বেতের নির্যাতন। ➠ কণ্ঠস্থ বিদ্যা- মুখস্থ বিদ্যা। ➠ এফ.এ- First Arts। বর্তমান উচ্চ মাধ্যমিক পর্যায়। ➠ বিএ- কলাবিষয়ে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি; Bachelor Arts ডিগ্রি। ➠ সহিত- সাথে। ➠ উপলব্ধি- অনুভূতি, বোধ। প্রাপ্তি, লাভ। জ্ঞান। ➠ জনৈক- (জনোই্কো) অনির্দিষ্ট কোনো একজন। ➠ দিঙ্নির্ণয়- দিক নিরূপণ। ➠ দক্ষিণহস্ত- ডানহাত। ➠ বামহস্ত- বামহাত। ➠ পশ্চাৎ দিকে- পেছনেদিকে; পরের দিকে। ➠ ব্যায়াম- স্বাস্থ্যরক্ষার উদ্দেশ্যে বিধিমোতাবেক অঙ্গচালনা; শরীরচর্চা। ➠ দৌহিত্র- কন্যার পুত্র; নাতি। ➠ হৃষ্টপুষ্ট- মোটা; স্থূলকায়। ➠ পাহল-ওয়ান- পালোয়ান, কুস্তিগির। ➠ পয়জার- জুতো, পাদুকা। ➠ মাৎ মারো- মেরো না। ➠ চোট লাগতা হ্যায়- ব্যথা লাগছে। ➠কায় মারতা থা? হাম নালিশ করে গা!- কেন মারছিলে? আমি নালিশ করব। ➠ তন্ময়- তাতে একান্তভাবে নিমগ্ন; তাছাড়া অন্য কোনো চিন্তা বা অনুভূতি নেই এমন। ➠ অপার্থিব- অবস্তুগত। ➠ হিতৈষিতা- হিতকামনা, কল্যাণসাধনের ইচ্ছা। ➠ এনট্রান্স- প্রবেশিকা, বর্তমান মাধ্যমিক বা এসএসসি। ➠ শমস-উল-ওলামা- জ্ঞানী ব্যক্তিদের উপাধি। এই উপাধির অর্থ ওলামা বা জ্ঞানীদের মধ্যে সূর্য। ➠ নজম্-উল-ওলামা- জ্ঞানীদের মধ্যে নক্ষত্র। ➠ হিতৈষণা- কল্যাণ-ইচ্ছা। ➠ হাফেজ- সম্পূর্ণ কুরআন শরিফ যাঁর মুখস্থ। ➠ কারিমা ববখশা এ বরহালে মা- করিম বা আল্লাহ আমাদের এ অবস্থা দিয়েছেন। ➠ সলমা চুমকি- সোনা বা রূপার চকচকে বুটি দানা। ➠ তরঙ্গিনী- নদী। ➠ কাদম্বিনী- মেঘমালা। ➠ সূত্রধর- ছুতার, কাঠের মিজি। ➠ তন্তুবায়- তত্ত্ব বয়ন করে যে, তাঁতি, যে কাপড় বোনে। ➠ শামলা- শালের এক রকম পাগড়ি, উকিলের পরিধেয় পাগড়ি। ➠ চোগা- লম্বা ঢিলা বুক-খোলা এক ধরনের জামা যা চাপকানের উপরে পরা হয়। |
| ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের পাঠ-পরিচিতি ও মূলভাব : |
|---|
|
বেগম রোকেয়ার ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে উনিশ শতকের শেষ ও বিশ শতকের গোড়ায় ভারতবর্ষে পুরুষশাসিত সমাজজীবনের সবক্ষেত্রে নারী, বিশেষ করে মুসলমান নারী সমাজের পশ্চাদপদতা, দুর্বহ জীবন ও অধিকারহীনতাকে দেখানো হয়েছে পুরুষের নিদারুণ স্বার্থপরতা ও আধিপত্যকামী মানসিকতার প্রেক্ষাপটে। অত্যন্ত ব্যথিত হৃদয়ে বেগম রোকেয়া আবেগধর্মী যুক্তিপ্রধান এই রচনায় নারীসমাজকে জ্ঞানচর্চা ও কর্মব্রত, অধিকার সচেতনতা ও মুক্তি আকাঙ্ক্ষায় আকৃষ্ট করতে সচেষ্ট হয়েছেন। তিনি দেখাতে চেয়েছেন, সমাজ যে পূর্ণ ও স্বাভাবিক গতিতে অগ্রসর হতে পারছে না তার কারণ পরিবার ও সমাজজীবনের অপরিহার্য অর্ধেক শক্তি নারীসমাজের দুর্বল ও অবনত অবস্থা। এজন্য পুরুষসমাজের দৃষ্টিভঙ্গির সংকীর্ণতাকে দায়ী করেছেন তিনি। এই রচনায় তিনি নারীজাগরণের পক্ষে যে সুচিন্তিত, দৃঢ় ও বলিষ্ঠ মতামত ব্যক্ত করেছেন তাতে তাঁর মন্তব্যে আছে আবেগের গাঢ়তা আর যুক্তিতে আছে তীক্ষ্ণতা। তিনি দেখাতে চেয়েছেন, সমাজজীবনের অগ্রগতি ও কল্যাণসাধনের জন্যে নারীজাগরণ এবং সেই সঙ্গে পুরুষ সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কোনো বিকল্প নেই। |
| ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের লেখিকার পরিচিতি : |
|---|
|
বাংলা অঞ্চলের মুসলমান সমাজে নারী জাগরণের পথিকৃৎ রোকেয়া সাখাওয়াত হোসেন অন্তঃপুরবাসিনী জীবন শুরু করলেও সামাজিক সীমাবদ্ধতার বেড়াজাল অতিক্রম করে বিদ্যাচর্চায়, শিক্ষা সংগঠনে ও সামাজিক অগ্রগতি সাধনে বরণীয় ও স্মরণীয় হয়ে আছেন। তিনি বিরাট ঝুঁকি নিয়ে অবরোধবাসিনীদের উন্মুক্ত বিশ্বে পদার্পণ করার যে আহ্বান জানিয়েছিলেন, তা আমাদের সমাজজীবনে আজ সার্থকতা লাভ করেছে। মুসলমান মেয়েদের শিক্ষার জন্য স্কুল প্রতিষ্ঠা তাঁর অসাধারণ কীর্তি। সমস্ত প্রতিকূলতার ভিতরেও আপন উদ্যম ও প্রচেষ্টায় রোকেয়া সাখাওয়াত হোসেন ইংরেজি ও বাংলা ভাষায় যে দক্ষতা অর্জন করেছিলেন তা বিস্ময়কর। রোকেয়া সাখাওয়াত হেসেন বাংলা সাহিত্যে বেগম রোকেয়া নামে বিশেষ পরিচিত। সমাজসেবা ব্রত হলেও রোকেয়া কলম ধরেছিলেন সমাজকে জাগানোর লক্ষ্যে এবং এভাবেই তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন তীক্ষ্ণ, ঋজু, যুক্তিনিষ্ঠ গদ্যলেখক এবং সমাজসচেতন সাহসী সাহিত্যিক হিসেবে। ঠিক বেগম রোকেয়ার তুল্য লেখক তৎকালীন হিন্দু বা মুসলমান, নারী বা পুরুষ আর কেউ ছিলেন না- বেগম রোকেয়া এমনই এক অদ্বিতীয় রচনারীতির অধিকারী ছিলেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে পদ্মরাগ, অবরোধবাসিনী, মতিচুর, সুলতানার স্বপ্ন ইত্যাদি। ইংরেজি গ্রন্থ Sultana's Dreamও তাঁরই রচনা। বেগম রোকেয়ার লেখা প্রকাশিত হতো ‘মিসেস আর. এস. হোসেন’ নামে। বেগম রোকেয়ার জন্ম ১৮৮০ খ্রিষ্টাব্দে রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে। তাঁর মৃত্যু ১৯৩২ খ্রিষ্টাব্দে। |
| ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের বহুনির্বাচনি প্রশ্ন : |
|---|
প্রশ্ন থেকে
অভিনন্দন!
|
| ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন : |
|---|
|
➠ লেখিকা সম্পর্কে: ১. মুসলিম সমাজে নারী জাগরণের পথিকৃৎ কে? উত্তর: মুসলিম সমাজে নারী জাগরণের পথিকৃৎ রোকেয়া সাখাওয়াত হোসেন। ২. রোকেয়া সাখাওয়াত হোসেন কী হিসেবে জীবন শুরু করেন? উত্তর: রোকেয়া সাখাওয়াত হোসেন একজন লেখক হিসেবে জীবন শুরু করেন। ৩. বিদ্যার্জনের মাধ্যমে রোকেয়া সাখাওয়াত কীসের বেড়াজাল অতিক্রম করেন? উত্তর: বিদ্যার্জনের মাধ্যমে রোকেয়া সাখাওয়াত সামাজিক সীমাবদ্ধতার বেড়াজাল অতিক্রম করেন। ৪. বেগম রোকেয়া কলম ধরেছিলেন কেন? উত্তর: সমাজকে জাগানোর লক্ষ্য বেগম রোকেয়া কলম ধরেছিলেন। ৫. সমকালীন হিন্দু বা মুসলমান সমাজে কার তুল্য লেখক ছিল না? উত্তর: সমকালীন হিন্দু বা মুসলমান সমাজে বেগম রোকেয়ার তুল্য লেখক ছিল না। ৬. ‘পদ্মরাগ’ গ্রন্থের রচয়িতা কে? উত্তর: ‘পদ্মরাগ’ গ্রন্থের রচয়িতা রোকেয়া সাখাওয়াত। হোসেন। ৭. বেগম রোকেয়ার রচিত ইংরেজি গ্রন্থের নাম কী? উত্তর: বেগম রোকেয়ার রচিত ইংরেজি গ্রন্থের নাম ‘Sultana’s Dream’. ৮. বেগম রোকেয়ার লেখা কোন নামে প্রকাশিত হতো? উত্তর: বেগম রোকেয়ার লেখা ‘মিসেস আর, এস, হোসেন’ নামে প্রকাশিত হতো। ৯. বেগম রোকেয়া কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর: বেগম রোকেয়া ১৮৮০ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। ১০. বেগম রোকেয়া কেন জেলায় জন্মগ্রহণ করেন? উত্তর: বেগম রোকেয়া রংপুর জেলা জন্মগ্রহণ করেন। ১১. বেগম রোকেয়া কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন? উত্তর: বেগম রোকেয়া ১৯৩২ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন। ➠ মূলপাঠ থেকে: ১২. রোগীর চিকিৎসা করতে হলে প্রথমে কী জানা আবশ্যক? উত্তর: রোগীর চিকিৎসা করতে হলে প্রথমে রোগের অবস্থা জানা আবশ্যক। ১৩. অবনতির উন্নতির পথ আবিষ্কারের আগে কীসের চিত্র দেখাতে হবে? উত্তর: অবনতির উন্নতির পথ আবিষ্কারের আগে তাদের অবনতির চিত্র দেখাতে হবে। ১৪.'স্ত্রীজাতির অবনতি' কী জাতির রচনা? উত্তর: 'স্ত্রীজাতির অবনতি' প্রবন্ধ জাতীয় রচনা। ১৫. লেখিকা 'স্ত্রীজাতির অবনতি' প্রবন্ধে নারীদের কোন রোগের কথা উল্লেখ করেছেন? উত্তর: লেখিকা স্ত্রীজাতির অবনতি' প্রবন্ধে নারীদের দাসত্ব রোগের কথা উল্লেখ করেছেন। ১৬. দাসত্ব রোগের কারণে আমাদের সামাজিক অবস্থা কেমন হয়েছে? উত্তর: দাসত্ব রোগের কারণে আমাদের সামাজিক অবস্থা বিপর্যস্ত হয়েছে। ১৭. বেগম রোকেয়ার কোন প্রবন্ধে প্রায় সমস্ত নারী জাতির উল্লেখ আছে? উত্তর: বেগম রোকেয়ার 'স্ত্রীজাতির অবনতি' প্রবন্ধে প্রায় সমস্ত নারী জাতির উল্লেখ আছে। যেকোনো নতুন কাজে প্রথমে কোথায় গোলযোগ বাঁধে? উত্তর: যেকোনো নতুন কাজে প্রথমে সমাজে গোলযোগ বাঁধে। ১৯. পার্সি মহিলাদের পর্দা মোচন হলে কী মোচন হয়নি? উত্তর: পার্সি মহিলাদের পর্দা মোচন হলেও তাদের মানসিক দাসত্ব মোচন হয়নি। ২০. পার্সি পুরুষগণ কিসের অনুকরণ করে স্ত্রীদের পর্দার বাইরে এনেছিলেন? উত্তর: পার্সি পুরুষগণ অন্ধভাবে বিলাতি সভ্যতার অনুকরণ করে স্ত্রীদের পর্দার বাইরে এনেছিলেন। ২১. আমেরিকা আবিষ্কারে কৃতসংকল্প হন কে? উত্তর: কলম্বাস আমেরিকা আবিষ্কারে কৃতসংকল্প হন। ২২. কলম্বাসের আমেরিকা আবিষ্কারের সংকল্পকে মানুষ কী মনে করেছিল? উত্তর: কলম্বাসের আমেরিকা আবিষ্কারের সংকল্পকে মানুষ বাতুলতা মনে করেছিল। ২৩. পুরুষগণ স্ত্রীজাতির প্রতি যে সম্মান দেন তাতে আমরা কী হতে পারি না? উত্তর: পুরুষগণ স্ত্রীজাতির প্রতি যে সম্মান দেন তাতে আমরা তৃপ্ত হতে পারি না। ২৪. নারীদের শিক্ষা দেওয়ার জন্য গুরুলোকে কাকে আদর্শ হিসেবে দেখিয়েছেন? উত্তর: নারীদের শিক্ষা দেওয়ার জন্য গুরুলোকে সীতাদেবীকে আদর্শ হিসেবে দেখিয়েছেন। ২৫. কে একাধারে রামচন্দ্রের প্রণয়নী, সহচরী এবং রানী? উত্তর: স্বামী যখন ঋণজালে জড়িত হয়ে মরেন, স্ত্রী তখন নতুন টুপির চিন্তা করেন। ৩৮. মহম্মদীয় আইনে পৈতৃক সম্পত্তিতে কন্যার ভাগ কীভাবে হয়? উত্তর: মহম্মদীয় আইনে পৈতৃক সম্পত্তিতে কন্যা পুত্রের অর্ধেক ভাগ পায়। ৩৯. বেগম রোকেয়ার মতে আত্মীয়সম্পর্ক কী? উত্তর: বেগম রোকেয়ার মতে আত্মীয়সম্পর্ক হৃদয়ের সম্পর্ক। ৪০. বেগম রোকেয়া সাহিত্য-গগনে কী দেখতে চান? উত্তর: বেগম রোকেয়া সাহিত্য-গগনে ‘নজম-উল-ওলামা’ দেখতে চান। ৪১. সমুদয় কুরআন যাঁর কণ্ঠস্থ থাকে তাঁকে কী বলে? উত্তর: সমুদয় কুরআন যাঁর কণ্ঠস্থ থাকে তাঁকে হাফেজ বলে? ৪২. বঙ্গদেশে বালিকাদিগকে কীসের শিক্ষা দেওয়া হয় না? উত্তর: বঙ্গদেশে বালিকাদিগকে বঙ্গভাষা শিক্ষা দেওয়া হয় না? ৪৩. কোথায় কন্যাহত্যার প্রচলন ছিল? উত্তর: আরবে কন্যাহত্যার প্রচলন ছিল। ৪৪. ঈশ্বর ও মাতার নিকট আমরা কেমন নই? উত্তর: ঈশ্বর ও মাতার নিকট আমরা অর্ধেক নই? ৪৫. মাতৃহৃদয়ে কী নেই? উত্তর: মাতৃহৃদয়ে পক্ষপাতিত্ব নেই! ৪৬. নারী সমাজের অবনতি হওয়ার অন্যতম কারণ কী? উত্তর: উপযুক্ত শিক্ষার অভাবই নারীমুক্তি অবনত হওয়ার অন্যতম কারণ। ৪৭. আমরা কেন অন্ধকারে গেছি? উত্তর: সুশিক্ষা থেকে পিছিয়ে থাকার কারণে আমরা অন্ধকারে চলে গিয়েছি। ৪৮. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে কোন সময়ের ভারতবর্ষের পুরুষশাসিত সমাজজীবনে নারীর দুঃখ জীবন ও অধিকারহীনতা দেখানো হয়েছে? উত্তর: ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে উনিশ শতকের শেষ ও বিশ শতকের গোড়ার ভারতবর্ষের পুরুষশাসিত সমাজজীবনে নারীর দুঃখ জীবন ও অধিকারহীনতা দেখানো হয়েছে। ৪৯. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের বিষয় কী? উত্তর: ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের বিষয় নারীর অধিকার ও স্বাধীনতা। ৫০. বেগম রোকেয়ার মতে দশজন মহিলা একত্র হলে কী করে? উত্তর: বেগম রোকেয়ার মতে দশজন মহিলা একত্র হলে স্বামীদের নিন্দা কিংবা প্রশংসা করেন। ৫১. বেগম রোকেয়া স্বামীর স্থলে কী শব্দ প্রতিস্থাপন হওয়ার আশা করেছেন? উত্তর: বেগম রোকেয়া স্বামীর স্থলে ‘অর্ধাঙ্গ’ শব্দ প্রতিস্থাপন হওয়ার আশা করেছেন। |
| ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের অনুধাবনমূলক প্রশ্ন : |
|---|
|
১. ‘কোনো রোগীর চিকিৎসা করিতে হইলে প্রথমে রোগের অবস্থা জানা
আবশ্যক।’-উক্তিটি বুঝিয়ে লেখো।
২. রোকেয়াকে কেন ‘নারী আন্দোলনের পথিকৃৎ’ বলা হয়?
৩. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে লেখিকা পার্সি পুরুষদের সমালোচনা করেছেন কেন?
৪. ‘হস্তপদ থাকা সত্ত্বেও পুত্তলিকা অচেতন পদার্থ।’- ব্যাখ্যা করো।
৫. ‘নবদম্পতির প্রেমালাপ’ কবিতাটিতে ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের কোন বিষয়টি
প্রকাশিত হয়েছে?
৬. ‘অবরোধবাসিনী’ কথার অর্থ কী? ব্যাখ্যা করো।
৭. নারীর প্রতি পুরুষের কোন দৃষ্টিভঙ্গি ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে প্রবন্ধকার
সমালোচনা করেন? বর্ণনা করো।
৮. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে লেখিকা নারীর পশ্চাৎপদতার কী কী কারণ ব্যাখ্যা
করেছেন?
৯. অপার্থিব সম্পত্তিতে পুত্র ও কন্যার অধিকারের বৈষম্য নিরূপণ করো।
১০. ‘আমরা সাহিত্য গগনে নজম্-উল-ওলামা দেখিতে চাই।’- উক্তিটি ব্যাখ্যা
করো।
১১. ‘পুত্রদের বিদ্যালয়ের সংখ্যা করা যায় না, বালিকাদের বিদ্যালয়ের
সংখ্যা পাওয়াই যায় না।’- উক্তিটি ব্যাখ্যা করো।
১২. ‘বালকের মনটা তাহার মাতার সহিত রান্না ঘরেই ঘুরিতে থাকে।’- কেন?
১৩. ‘আমরা যে কেবল উপযুক্ত শিক্ষার অভাবে অবনত হইয়াছি, তাই বুঝিতে ও
বুঝাইতে চাই।’- ব্যাখ্যা করো।
১৪. ‘স্বামী’র স্থলে ‘অর্ধাঙ্গ’ শব্দটি প্রচলিত হওয়ার যৌক্তিকতা বর্ণনা
করো।
১৫. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে লেখক কোন প্রসঙ্গে রবীন্দ্রনাথের ‘নবদম্পতির
প্রেমালাপ’ কবিতাংশটি ব্যবহার করেছেন? বর্ণনা কর।
১৬. “রামচন্দ্র ‘স্বামিত্বের’ ঘোলো আনা পরিচয় দিয়াছেন।”- উক্তিটি
ব্যাখ্যা করো।
১৭. ‘অবলার হাতেও সমাজের জীবন-মরণের কাঠি আছে।’- উক্তিটি ব্যাখ্যা
করো।
১৮. নারী ও পুরুষকে প্রাবন্ধিক দ্বিচক্রযানের সঙ্গে তুলনা করেছেন কেন?
১৯. হযরত মুহাম্মদ (স) কীভাবে কন্যাকুলের রক্ষক হলেন? ব্যাখ্যা করো।
২০. ‘সীতার সাথে রাম যেমন, বালকের সাথে পুতুল তেমন’- উক্তিটি ব্যাখ্যা
করো।
২১. ‘প্রভুদের বিদ্যার গতির সীমা নাই।’- উক্তিটি ব্যাখ্যা করো।
২২. ‘মাতৃ-হৃদয়ে পক্ষপাতিতা নাই।’- উক্তিটি বুঝিয়ে দাও।
২৩. ‘আবশ্যক হইলে কোন্দলও চলে’-উক্তিটি ব্যাখ্যা করো।
২৪. ‘মানসিক দাসত্ব’ বলতে বেগম রোকেয়া কী বুঝিয়েছেন? |
| ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের সৃজনশীল প্রশ্ন- ১ |
|---|
|
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ক. ‘শমস-উল-ওলামা’ অর্থ কী? |
| ----------- |
| ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের সৃজনশীল প্রশ্ন- ২ |
|---|
|
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ক. ‘অবরোধ প্রথা’ কী? |
| ----------- |
| ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের সৃজনশীল প্রশ্ন- ৩ |
|---|
|
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ক. ‘স্ত্রীজাতির অবনতি’ শীর্ষক প্রবন্ধে লেখিকা নারীদের যে রোগটির কথা
জানিয়েছেন সেটা কী? |
|
ক. ‘স্ত্রীজাতির অবনতি’ শীর্ষক প্রবন্ধে লেখিকা নারীদের যে রোগটির কথা
জানিয়েছেন সেটা হলো দাসত্ব।
গ. খাঁচামুক্ত পাখিটির সাথে ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের যে দিকটির মিল রয়েছে
তাহলো নারীদের মানসিক দাসত্ব।
ঘ. রোকেয়া সাখাওয়াত হোসেন তাঁর ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে নারীজাতির যে বিশেষ
রোগটির প্রসঙ্গ টেনে এনেছেন তা হলো দাসত্ব। |
| ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের সৃজনশীল প্রশ্ন- ৪ |
|---|
|
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ক. সংসার জীবনকে কারা দ্বিচক্র শকটের ন্যায় বলে অভিহিত করেন? |
|
ক. শুক্লকেশ বুদ্ধিমানগণ সংসার জীবনকে দ্বিচক্র শকটের ন্যায় বলে অভিহিত
করেন।
গ. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে লেখিকা রোকেয়া সাখাওয়াত হোসেনের মনোভাব অনুযায়ী
রাশেদের সংসারটি তুলনামূলকভাবে একটি আদর্শ সংসার।
ঘ. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে একটি সংসারকে দ্বিচক্র শকট বা দুচাকার গাড়ি বলে
অভিহিত করা হয়েছে। |
| ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের সৃজনশীল প্রশ্ন- ৫ |
|---|
|
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ক. কে কন্যাকূলের রক্ষকস্বরূপ দণ্ডায়মান হয়েছিলেন? |
|
ক. হযরত মুহাম্মদ (স) কন্যাকূলের রক্ষকস্বরূপ দণ্ডায়মান হয়েছিলেন।
গ. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে রোকেয়া সাখাওয়াত হোসেন নারী শিক্ষার উপর
গুরুত্বারোপ করেছেন নারী শিক্ষার বেহাল অবস্থা দেখে। উদ্দীপকের আব্দুল
কাদেরের মধ্যেও নারী শিক্ষার প্রতি অনীহা দেখা যায়।
ঘ. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে নারী জাগরণের পথিকৃৎ রোকেয়া সাখাওয়াত হোসেন
নারী-পুরুষের শিক্ষার মধ্যে যে বৈষম্য তা অত্যন্ত স্পষ্টভাবে তুলে
ধরেছেন। |
| ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের সৃজনশীল প্রশ্ন- ৬ |
|---|
|
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ক. কাদের পর্দা মোচন হয়েছে? |
|
ক. পার্সি মহিলাদের পর্দা মোচন হয়েছে।
গ. রোকেয়া সাখাওয়াত হোসেন তাঁর ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে নিজেদের অধিকার
সম্পর্কে নারীদের উদাসীনতা সম্পর্কে আলোচনা করেছেন।
ঘ. বাঙালি মুসলিম নারী জাগরণের পথিকৃৎ রোকেয়া সাখাওয়াত হোসেন তাঁর
‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে সমাজ উন্নয়নে নারীদের অংশগ্রহণের গুরুত্বের
বিষয়টিকে অত্যন্ত দক্ষতার সাথে তুলে ধরেছেন। |
| ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের সৃজনশীল প্রশ্ন- ৭ |
|---|
|
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ক. মহম্মদীয় আইনে পৈতৃক সম্পত্তিতে কন্যা পুত্রের কত ভাগ পায়? |
|
ক. মহম্মদীয় আইনে পৈতৃক সম্পত্তিতে কন্যা পুত্রের অর্ধেক ভাগ পায়।
গ. নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন তার ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে
খ্রিস্টান ও মুসলমান সমাজে নারীদের অধিকার সম্পর্কে আলোকপাত করতে গিয়ে
সমাজে সমগ্র নারীজাতির অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছেন।
ঘ. বাঙালি মুসলিম নারী জাগরণের পথিকৃৎ রোকেয়া সাখাওয়াত হোসেন শিক্ষার আলো
থেকে বঞ্চিত বাঙালি মুসলিম নারী সমাজের শৃঙ্খলিত জীবন-যাপনে বেদনার্ত
হয়েছেন। |
| ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের সৃজনশীল প্রশ্ন- ৮ |
|---|
|
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ক. কে স্বামিত্বের ষোল আনা পরিচয় দিয়েছেন? |
|
ক. রামচন্দ্র স্বামিত্বের ষোল আনা পরিচয় দিয়েছেন।
গ. উদ্দীপকের শিমুল ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে উল্লিখিত রাজা রামচন্দ্রের
প্রতিনিধিত্ব করছে।
ঘ. নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন তাঁর ‘অর্ধাঙ্গী’
প্রবন্ধে সুস্পষ্টভাবে বলেছেন, নারী সমাজের ‘অর্ধাঙ্গী’। |
| ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের সৃজনশীল প্রশ্ন- ৯ |
|---|
|
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের শুরুতে লেখিকা তাঁর কোন প্রবন্ধের কথা টেনে
এনেছেন? |
| ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের সৃজনশীল প্রশ্ন- ১০ |
|---|
|
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে কোন সময়কার বাঙালি সমাজের কথা বলা হয়েছে? |
| তথ্যসূত্র : |
|---|
|
১. সাহিত্য পাঠ: একাদশ-দ্বাদশ শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক
বোর্ড, ঢাকা, ২০২৫। ২. রচনাসমগ্র: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, ঝিনুক প্রকাশনী, জুলাই ২০১১। ৩. আধুনিক বাংলা অভিধান: বাংলা একাডেমি, এপ্রিল, ২০১৮। ৪. ব্যবহারিক বাংলা অভিধান: বাংলা একাডেমি, ১৮তম, ২০১৫। |
