প্রার্থী- সুকান্ত ভট্টাচার্য
প্রার্থী
সুকান্ত ভট্টাচার্য
হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায়
আমরা থাকি,
যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকের চঞ্চল চোখ
ধানকাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে।
হে সূর্য, তুমি তো জানো,
আমাদের গরম কাপড়ের কত অভাব!
সারারাত খড়কুটো জ্বালিয়ে,
এক টুকরো কাপড়ে কান ঢেকে,
কত কষ্টে আমরা শীত আটকাই!
সকালের এক টুকরো রোদ্দুর-
এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি।
ঘর ছেড়ে আমরা এদিক-ওদিকে যাই-
এক টুকরো রোদ্দুরের তৃষ্ণায়।
হে সূর্য!
তুমি আমাদের স্যাঁতসেঁতে ভিজে ঘরে
উত্তাপ আর আলো দিও,
আর উত্তাপ দিও
রাস্তার ধারের ঐ উলঙ্গ ছেলেটাকে।
হে সূর্য।
তুমি আমাদের উত্তাপ দিও-
শুনেছি, তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড,
তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে
একদিন হয়তো আমরা প্রত্যেকেই
এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব!
তারপর সেই উত্তাপে যখন পুড়বে আমাদের জড়তা,
তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারব
রাস্তার ধারের ঐ উলঙ্গ ছেলেটাকে।
আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী।
|
| মারিয়া মেহজাবিন মৌ, শ্রেনি- চতুর্থ (জিনিয়া) |
| ‘প্রার্থী’ কবিতার উৎস নির্দেশ : |
|---|
| সুকান্ত ভট্টাচার্যের ‘প্রার্থী’ কবিতাটি ‘ছাড়পত্র’ নামক কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থের অন্যান্য বিখ্যাত কবিতাগুলো হলো- ছাড়পত্র, আগামী, প্রার্থী, চারাগাছ, লেলিন, ঠিকানা, রবীন্দ্রনাথের প্রতি ইত্যাদি। |
| ‘প্রার্থী’ কবিতার শব্দার্থ ও টীকা: |
|---|
|
➠ প্রার্থী- প্রার্থনাকারী, আবেদনকারী। ➠ হিমশীতল- তুষারের মতো ঠান্ডা। ➠ প্রতীক্ষায়- অপেক্ষায়। প্রত্যাশায়। ➠ রোমাঞ্চকর- রোমাঞ্চ সৃষ্টি করে বা শিহরন জাগায় এমন। ➠ খড়কুটো- জ্বালানিরূপে ব্যবহৃত শুকনো খড় লতাপাতা প্রভৃতি। ➠ রোদ্দুর- ‘রোদ’-এর কথ্য রূপ। ➠ এদিক-ওদিক- চারদিক। ➠ তৃষ্ণা- কোনো কিছু পাওয়ার জন্য প্রবল বাসনা। ➠ স্যাঁতসেঁতে- ভেজা ভাবযুক্ত। ➠ উত্তাপ- তাপ, উষ্ণতা। ➠ জ্বলন্ত- জ্বলছে এমন, প্রজ্বলিত। তেজোময় (জ্বলন্ত অগ্নি)। ➠ অগ্নিপিণ্ড- আগুনের গোলা। ➠ পরিণত- রূপান্তরিত। ➠ জড়তা- জড়ের ভাব, আড়ষ্টতা। ➠ অকৃপণ- কৃপণ নয় এমন। উদার। |
| ‘প্রার্থী’ কবিতার পাঠের উদ্দেশ্য: |
|---|
| ‘প্রার্থী’ কবিতা পাঠ করে শিক্ষার্থীদের মনে অবহেলিত, বঞ্চিত ও দীন-দরিদ্র মানুষের প্রতি মমতা সৃষ্টি হবে। অন্নহীন, বস্ত্রহীন ও আশ্রয়হীন মানুষের দুর্দশায় তারা ব্যথিত হবে। |
| ‘প্রার্থী’ কবিতার পাঠ-পরিচিতি ও মূলভাব : |
|---|
| ‘প্রার্থী’ কবিতাটিতে আমাদের এই পৃথিবীতে শক্তির মূল উৎস সূর্য। সূর্য যে তাপ বিকিরণ করে তার সাহায্যেই ভূপৃষ্ঠে উদ্ভিদ, জীবজন্ত ও মানুষ জীবনধারণ করে। প্রচণ্ড শীতে সূর্যের এই উত্তাপের জন্য সারারাত অপেক্ষা করে বস্ত্রহীন, আশ্রয়হীন শীতার্ত মানুষ। কবি সমাজের নিচুতলার মানুষের প্রতি গভীর মমতা থেকে সূর্যের কাছে উত্তাপ প্রার্থনা করেছেন। অবহেলিত বঞ্চিত ও দীনদরিদ্র শিশুর প্রতি তাঁর অসীম মমতা। কবি এই শিশুদের কল্যাণে সূর্যের অবদান থেকে প্রেরণা নিতে চান। তিনি এমন সমাজ গড়তে চান, যেখানে বস্ত্রহীন শীতার্ত মানুষের জীবন থেকে সব দুঃখ চিরতরে ঘুচে যাবে। |
| ‘প্রার্থী’ কবিতার কবি পরিচিতি: |
|---|
|
সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ খ্রিষ্টাব্দে কলকাতার মাতুলালয়ে জন্মগ্রহণ
করেন। তাঁর পৈতৃক নিবাস গোপালগঞ্জের কোটালিপাড়ায়। নিম্ন মধ্যবিত্ত
পরিবারের এই সন্তান অল্প বয়সেই শোষিত-নিপীড়িত মানুষের মুক্তির আন্দোলনে
নিজেকে সম্পৃক্ত করেন। বামপন্থি-বিপ্লবী কবি হিসেবে খ্যাতি অর্জন করেন।
বঞ্চনাকাতর মানুষের জীবন-যন্ত্রণার চিত্র যেমন তাঁর কবিতায় অঙ্কিত
হয়েছে তেমনি প্রতিবাদ ও বিদ্রোহের সুরও উচ্চারিত হয়েছে। তিনি সেকালের
দৈনিক পত্রিকা ‘স্বাধীনতা’র কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা সম্পাদক
ছিলেন। আমৃত্যু তিনি এ দায়িত্ব পালন করেন। তাঁর কবিতায় মানবমুক্তির
জয়গান বলিষ্ঠভাবে উচ্চারিত হয়েছে। তাঁর রচিত কাব্যগ্রন্থ:
ছাড়পত্র(১৯৪৭), ঘুম নেই(১৯৫০), পূর্বাভাস(১৯৫০);
ছড়াগ্রন্থ: মিঠেকড়া; নাটিকা:অভিযান(১৯৫৩); ছোটগল্প:
হরতাল
ইত্যাদি। ও গানের সংকলন: ‘গীতিগুচ্ছ’। সুকান্ত ভট্টাচার্য ১৯৪৭ খ্রিষ্টাব্দে মাত্র একুশ বছর বয়সে যক্ষ্মায় আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যুবরণ করেন। |
| ‘প্রার্থী’ কবিতার কর্ম-অনুশীলন: |
|---|
|
ক. ‘সামাজিক বৈষম্য জাতীয় অগ্রগতির পথে প্রধান বাধা’ এই মতের
পক্ষে-বিপক্ষে বিতর্কের আয়োজন করো (দলগত কাজ)। খ. গত সপ্তাহে কে, কী ধরনের ভাল কাজ করেছ, এর একটি তালিকা তৈরি করে শ্রেণিকক্ষে উপস্থাপন করো (একক কাজ)। |
| ‘প্রার্থী’ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন: |
|---|
প্রশ্ন থেকে
অভিনন্দন!
|
| ‘প্রার্থী’ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন: |
|---|
|
প্রশ্ন- ১: হিমশীতল সুদীর্ঘ রাত কার অপেক্ষায় থাকে? উত্তর : হিমশীতল সুদীর্ঘ রাত সূর্যের অপেক্ষায় থাকে। প্রশ্ন- ২: শীতের রাতে আমরা কার অপেক্ষায় থাকি? উত্তর : শীতের রাতে আমরা সূর্যের অপেক্ষায় থাকি। প্রশ্ন- ৩: কৃষকের চঞ্চল চোখ কীসের প্রতীক্ষায় থাকে? উত্তর : কৃষকের চঞ্চল চোখ ধান কাটার রোমাঞ্চকর দিনের অপেক্ষায় থাকে। প্রশ্ন- ৪: আমাদের গরম কাপড়ের অভাবের কথা কে জানে? উত্তর : আমাদের গরম কাপড়ের অভাবের কথা সূর্য জানে। প্রশ্ন- ৫: আমরা খড়কুটো জ্বালাই কখন? উত্তর : আমরা খড়কুটো জ্বালাই শীতের রাতে। প্রশ্ন- ৬: এক টুকরো কাপড়ে কান ঢেকে আমরা কী আটকাই? উত্তর : এক টুকরো কাপড়ে কান ঢেকে আমরা শীত আটকাই। প্রশ্ন- ৭: সকালের এক টুকরো রোদকে কীসের চেয়ে দামি মনে হয়? উত্তর : সকালের এক টুকরো রোদকে সোনার চেয়ে দামি মনে হয়। প্রশ্ন- ৮: ঘর ছেড়ে আমরা এদিক-ওদিকে যাই কেন? উত্তর : ঘর ছেড়ে আমরা এদিক-ওদিক যাই এক টুকরো রোদের আশায়। প্রশ্ন- ৯: আমাদের স্যাঁতসেঁতে ঘরের জন্য কবি সূর্যের কাছে কী প্রার্থনা করেছেন? উত্তর : আমাদের স্যাঁতসেঁতে ঘরের জন্য কবি সূর্যের কাছে উত্তাপ আর আলো প্রার্থনা করেছেন। প্রশ্ন- ১০: রাস্তার উলঙ্গ ছেলের জন্য কবি সূর্যের কাছে কী চেয়েছেন? উত্তর : রাস্তার উলঙ্গ ছেলের জন্য কবি সূর্যের কাছে উত্তাপ চেয়েছেন। প্রশ্ন- ১১: কবি সূর্য সম্পর্কে কী শুনেছেন? উত্তর : কবি শুনেছেন সূর্য এক জ্বলন্ত অগ্নিপিণ্ড। প্রশ্ন- ১২: সূর্যের আলো পেয়ে হয়তো একদিন আমরা কীসে পরিণত হব? উত্তর : সূর্যের আলো পেয়ে হয়তো একদিন আমরা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব। প্রশ্ন- ১৩: ‘হরতাল’ কাব্যগ্রন্থটি কার লেখা? উত্তর : ‘হরতাল’ কাব্যগ্রন্থটির সুকান্ত ভট্টাচার্যের লেখা। প্রশ্ন- ১৪: সুকান্ত ভট্টাচার্যের পিতৃনিবাস কোথায়? উত্তর : সুকান্ত ভট্টাচার্যের পিতৃনিবাস গোপালগঞ্জের কোটালিপাড়ায়। প্রশ্ন- ১৫: সুকান্ত ভট্টাচার্যের কবিতায় কীসের জয়গান বলিষ্ঠভাবে ধ্বনিত হয়েছে? উত্তর : সুকান্ত ভট্টাচার্যের কবিতায় বলিষ্ঠভাবে মানবমুক্তির জয়গান ধ্বনিত হয়েছে। প্রশ্ন- ১৬: পৃথিবীতে শক্তির মূল উৎস কী? উত্তর : পৃথিবীতে শক্তির মূল উৎস হলো সূর্য। প্রশ্ন- ১৭: ‘প্রার্থী’ শব্দটির অর্থ কী? উত্তর : ‘প্রার্থী’ শব্দটির অর্থ হলো প্রার্থনাকারী। প্রশ্ন- ১৮: হিমশীতল শব্দের অর্থ কী? উত্তর : হিমশীতল শব্দের অর্থ হলো তুষারের মতো ঠাণ্ডা। |
| ‘প্রার্থী’ কবিতার অনুধাবনমূলক প্রশ্ন: |
|---|
|
প্রশ্ন- ১: কবি সূর্যের কাছ থেকে প্রেরণা নিতে চান কেন?
প্রশ্ন- ২: কবি কীভাবে বস্ত্রহীন শীতার্ত মানুষের দুঃখ দূর করতে
চান?
প্রশ্ন- ৩: কৃষকের চঞ্চল চোখ কীসের প্রতীক্ষায় থাকার কারণ? ব্যাখ্যা
করো।
প্রশ্ন- ৪: ‘আমাদের গরম কাপড়ের কত অভাব’- ব্যাখ্যা করো।
প্রশ্ন- ৫: সকালের এক টুকরো রোদ সোনার চেয়ে দামি মনে হয় কেন?
প্রশ্ন- ৬: কবি সূর্যকে জ্বলন্ত অগ্নিপিন্ড বলেছেন কেন?
প্রশ্ন- ৭: আমাদের গরম কাপড়ের অভাব কীভাবে দূর হতে পারে? ব্যাখ্যা
করো।
প্রশ্ন- ৮: শীতের সূর্য বলতে কী বোঝায়?
প্রশ্ন- ৯: কবি সূর্যের কাছে উত্তাপ চেয়েছেন কেন?
প্রশ্ন- ১০: ‘প্রার্থী’ কবিতায় ‘রোদ্দুরের তৃষ্ণা’ বলতে কী বোঝানো
হয়েছে?
প্রশ্ন- ১১: “কত কষ্টে আমরা শীত আটকাই!”—চরণটি দ্বারা কী বোঝানো
হয়েছে।
প্রশ্ন- ১২: শীতার্ত মানুষেরা সূর্যের জন্য অপেক্ষা করে কেন?
প্রশ্ন- ১৩: ধান কাটার দিনগুলো রোমাঞ্চকর হওয়ার কারণ ব্যাখ্যা
করো।
প্রশ্ন- ১৪: দারিদ্র্য মানুষকে মহৎ করতে পারে না কেন?
প্রশ্ন- ১৫: দরিদ্র শীতার্ত মানুষগুলো কীভাবে শীত আটকায়?
প্রশ্ন- ১৬: ‘যখন পুড়বে আমাদের জড়তা।’ এই জড়তা দ্বারা কী বোঝানো
হয়েছে? ব্যাখ্যা করো।
প্রশ্ন- ১৭: ‘প্রার্থী’ কবিতায় ‘রোদ্দুরের তৃষ্ণা’ বলতে কী বোঝানো
হয়েছে?
প্রশ্ন- ১৮: কবি সূর্যের কাছ থেকে প্রেরণা নিতে চান কেন?
প্রশ্ন- ১৯: কবি কীভাবে বস্ত্রহীন শীতার্ত মানুষের দুঃখ দূর করতে
চান?
প্রশ্ন- ২০: কৃষকের চঞ্চল চোখ কীসের প্রতীক্ষায় থাকার কারণ? ব্যাখ্যা
করো।
প্রশ্ন- ২১: ‘আমাদের গরম কাপড়ের কত অভাব’—ব্যাখ্যা করো।
প্রশ্ন- ২২: সকালের এক টুকরো রোদ সোনার চেয়ে দামি মনে হয় কেন? |
| ‘প্রার্থী’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ১: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. ‘প্রার্থী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? |
|
ক. ‘প্রার্থী’ কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থ
থেকে সংকলিত।
গ. উদ্দীপকের নাদিম সাহেবের আচরণ ‘প্রার্থী’ কবিতায় প্রকাশিত সমাজের
অসহায় মানুষের প্রতি গভীর মমত্ববোধের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ।
ঘ. ড্রাইভার আবদুলের অভিব্যক্তিতে ‘প্রার্থী’ কবিতার মূল চেতনা
প্রকাশ পেলেও কবি সুকান্তের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটেনি। মন্তব্যটি
যথার্থ। |
| ‘প্রার্থী’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ২: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. সুকান্ত ভট্টাচার্যের জন্ম সাল কত? |
|
ক. সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালে জন্মগ্রহণ করেন।
গ. কবিতাংশের প্রথম তিন চরণে অসহায় খেটে খাওয়া মানুষের প্রতি
নির্যাতনের চিত্র ফুটে উঠলেও এসব মানুষের মুক্তির সংকল্পের কথা
প্রকাশ পায়নি, যা কবিতায় প্রকাশিত হয়েছে। এখানেই কবিতাংশের প্রথম তিন
চরণের সঙ্গে ‘প্রার্থী’ কবিতার বৈসাদৃশ্য।
ঘ. উদ্দীপকে যে অমানবিকবোধের প্রকাশ ঘটেছে কবি সুকান্ত ভট্টাচার্য
‘প্রার্থী’ কবিতায় তা দূর করার অভিমত ব্যক্ত করেছেন। |
| ‘প্রার্থী’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ৩: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. ‘প্রার্থী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? |
|
ক. ‘প্রার্থী’ কবিতাটি ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত।
গ. উদ্দীপকের নিঃস্ব মানুষগুলো ‘প্রার্থী’ কবিতায় বঞ্চিত, অবহেলিত,
অসহায় মানুষের প্রতি সমবেদনার দিক থেকে সম্পর্কযুক্ত।
ঘ. “উদ্দীপকের উপলের উদ্যোগ যেন ‘প্রার্থী কবিতার কবির প্রত্যাশার
প্রতিফলন”- মন্তব্যটি সম্পূর্ণ যথাযথ। |
| ‘প্রার্থী’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ৪: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. সকালের এক টুকরো রোদ্দুর কীসের চেয়ে দামি? |
|
ক. সকালের এক টুকরো রোদ্দুর সোনার চেয়ে দামি।
গ. উদ্দীপটিতে বর্ণিত দিকটি ‘প্রার্থী’ কবিতার দরিদ্র-অসহায় মানুষের
শীত নিবারণের চেষ্টার সাথে সংগতিপূর্ণ।
ঘ. “উদ্দীপক ও ‘প্রার্থী’ কবিতায় বর্ণিত শ্রেণির ভাগ্য উন্নয়নই ছিল
সুকান্ত ভট্টাচার্যের উদ্দেশ্যই” এ মন্তব্যটি সঠিক। |
| ‘প্রার্থী’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ৫: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. শীত নিবারণের জন্য সাধারণত কী জ্বালানো হয়? |
|
ক. শীত নিবারণের জন্য সারারাত খড়কুটো জ্বালানো হয়।
গ. উদ্দীপকে ‘প্রার্থী’ কবিতায় শীতের রাতে কষ্ট পাওয়া বস্ত্রহীন
বালকটির কষ্টের চিত্র ফুটে উঠেছে।
ঘ. উদ্দীপকটি ‘প্রার্থী’ কবিতার সমগ্র ভাব ধারণ করতে পারেনি। |
| ‘প্রার্থী’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ৬: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. কীসের উত্তাপে আমাদের জড়তা পুড়ে যাবে? |
|
ক. সূর্যের উত্তাপে আমাদের জড়তা পুড়ে যাবে।
গ. বিবেক জাগানোর মাধ্যম হিসেবে উদ্দীপকের সূর্যের অফুরন্ত অবদানের
সাথে ‘প্রার্থী’ কবিতার সূর্যের মতো জ্বলন্ত অগ্নিপিণ্ডের উপমার
দিকটির মিল রয়েছে।
ঘ. উদ্দীপকে ‘প্রার্থী’ কবিতার মূলভাবের স্ফুরণ ঘটেছে। |
| ‘প্রার্থী’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ৭: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. কে জ্বলন্ত অগ্নিপিণ্ড? |
|
ক. সূর্য জ্বলন্ত অগ্নিপিণ্ড।
গ. ‘প্রার্থী’ কবিতার শীতার্ত মানুষের কষ্টের যে চিত্র প্রকাশিত
হয়েছে তা উদ্দীপকের রায়হানের দেখা দৃশ্যের সাথে মিলে যায়।
ঘ. উদ্দীপকের রায়হানের পরিবর্তিত পরিকল্পনা ও লক্ষ্যই ‘প্রার্থী’
কবিতায় প্রকাশিত যা কবির মূল চেতনার বহিঃপ্রকাশ। |
| ‘প্রার্থী’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ৮: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? |
|
ক. কবি সুকান্ত ভট্টাচার্য মাত্র একুশ বছর বয়সে মারা যান।
গ. ‘প্রার্থী’ কবিতায় কবি যে উত্তাপের প্রত্যাশা করেছেন সেটিই
প্রতিফলিত হয়েছে উদ্দীপকের সৈকতের পদক্ষেপে।
ঘ. “উদ্দীপকের সৈকত ও ‘প্রার্থী’ কবিতার কবির মধ্যে মিল থাকলেও
প্রেক্ষাপট ভিন্ন”- এ মন্তব্যটি যথার্থ। |
| ‘প্রার্থী’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ৯: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. কবি সুকান্ত ভট্টাচার্য কোন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন? |
| ‘প্রার্থী’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ১০: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. আমরা কার প্রতীক্ষায় থাকি? |
| তথ্যসূত্র: |
|---|
|
১. সাহিত্য কণিকা: অষ্টশ শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক
বোর্ড, ঢাকা, ২০২৫। ২. আধুনিক বাংলা অভিধান: বাংলা একাডেমি, এপ্রিল, ২০১৮। ৩. ব্যবহারিক বাংলা অভিধান: বাংলা একাডেমি, ১৮তম, ২০১৫। |

.jpg)
.jpg)