হেমাপ্যাথি, এ্যালাপ্যাথি- হাসান আজিজুল হক

হেমাপ্যাথি, এ্যালাপ্যাথি
হেমাপ্যাথি, এ্যালাপ্যাথি

হেমাপ্যাথি, এ্যালাপ্যাথি
হাসান আজিজুল হক

তিরিশ-পঁয়ত্রিশ বছর আগে আমাদের গাঁয়ে দুজন ডাক্তার ছিলেন। একজন হোমিওপ্যাথ আর একজন এ্যালোপ্যাথ। গাঁয়ের লোক ঠিক ঠিক বলতে পারত না-একজনকে বলত হেমাপ্যাথি আর একজনকে বলত এ্যালাপ্যাথি। দুজনের চিকিৎসার ধরন ছিল বাঁধা। ওষুধও দিতেন একরকম।

হোমিওপ্যাথ অঘোর ডাক্তারের কাছে গেলেই একটুখানি সাদা ময়দার মতো গুঁড়োতে দু-তিন ফোঁটা স্পিরিট টপ টপ করে ফেলে তিন-চারটি পুরিয়া করে দিতেন। খেতে ভালোও লাগত না, মন্দও লাগত না। কখনো কখনো আবার স্রেফ টিউবওয়েলের পানিতে দু-তিন ফোঁটা স্পিরিট মিশিয়ে দিয়ে বলতেন, ‘যা, খাগে যা।’

ওষুধ হাতে নিয়ে, আমি হয়তো ফস করে জিজ্ঞেস করে বসতাম, ‘ডাক্তারবাবু ভালো হবে তো? অঘোর ডাক্তার দাঁতমুখ খিঁচিয়ে বলে উঠতেন, ‘ভালো হবে না মানে? ভালো হয়ে উপচে পড়বে। যা, ওষুধ খাগে।’

আমি বলতাম, ‘পেটের ভেতর গরগর করে।’

‘ও কিছু না, ব্যাঙ হয়েছে তোর পেটে।’

‘ওরে বাবা, ব্যাঙ হয়েছে আমার পেটে। গোঁ গোঁ শব্দ হয় যে ডাক্তারবাবু।’

‘ও কিছু না-ব্যাঙ ডাকে গোঁ গোঁ করে। আমার ওষুধ যেই এক পুরিয়া খাবি, দেখবি তখন ব্যাঙের লাফানি।’

‘কী করে দেখব? ব্যাঙ যে পেটের ভেতরে।’

অঘোর ডাক্তার তখন বলতেন, ‘ওরে বাবা, দেখবি মানে বুঝবি। বুঝবি ঠেলা।’

এই হচ্ছে আমাদের গাঁয়ের এক নম্বর ডাক্তার অঘোরবাবুর কথা।

এইবার দুই নম্বর তোরাপ ডাক্তারের কথা বলি। আগেই বলেছি, ইনি ছিলেন এ্যালোপ্যাথ ডাক্তার। কী করে যে তিনি ডাক্তার হয়েছিলেন, কেউ জানে না। শোনা যায়, বাল্যকালে তিনি নাকি এক বড়ো ডাক্তারের হুঁকো সাফ করতেন। সে যাই হোক, তোরাপ ডাক্তারের একটা ছোট্ট শেয়াল-রঙের বেতো ঘোড়া ছিল। তার সামনের পা-দুটি ছাঁদনা দড়ি দিয়ে বাঁধা থাকত প্রায় সময়। এই বাঁধা পা নিয়ে লাফিয়ে লাফিয়ে গাঁয়ের আশেপাশে চরে বেড়াত ঘোড়াটা। কারো ক্ষতি করতে দেখিনি কোনো দিন।

তোরাপ ডাক্তার খালি ডাক্তারিই করতেন না কিন্তু। নিজের হাতে হালচাষ করতেন। বর্ষা আর শীতের সময় ডাক্তারির ধার ধারতেন না তিনি। বর্ষাটা হচ্ছে চাষবাসের সময় আর শীতকালটা হচ্ছে ফসল কাটার মরশুম। এই সময় রোগী মরে গেলেও তোরাপ ডাক্তারকে পাওয়া যাবে না।

বর্ষা আর শীতে গাঁয়ের লোকদের রোগী হয়ে শুয়ে থাকার কোনো উপায় নেই। এই দুই সময়ে কাজ করতে না-পারলে পেটে ভাত জুটবে না।

কাজেই রোগটোগ সব শিকেয় তুলে রেখে দিতে হতো তাদের বাধ্য হয়ে। তারপর শরৎকাল এলে তোরাপ ডাক্তারের মোটামুটি অবসর হতো আর গাঁয়ের লোকদেরও রোগী হয়ে শুয়ে থাকার একটু-আধটু মওকা মিলত।

এই সময়ের জন্যেই যেন ওঁৎ পেতে থাকত ম্যালেরিয়া জ্বর। বাঘ যেমন গুটিগুটি পায়ে এগিয়ে গিয়ে হঠাৎ লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ে শিকারের টুটি কামড়ে ধরে, ঠিক তেমনি করে ম্যালেরিয়া জ্বর এসে গাঁয়ের গরিব লোকদের ওপর ঝাঁপিয়ে পড়ত। এটা ঘটত আশ্বিন মাস থেকে। ম্যালেরিয়ার মতো বাঘা জ্বর তখন আর কিছু ছিল না। ঘরে ঘরে মানুষ ছেঁড়া কাঁথা, ন্যাকড়া, ত্যানা গায়ে চাপিয়ে কোঁকাত। আর সে কী কাঁপুনি! কাঁপুনি থামাবার জন্যে পাথরের জাঁতা পর্যন্ত গায়ে চাপাতে দেখেছি।

এই সময়টায় ছিল তোরাপ ডাক্তারের মজা। ঘরে ঘরে লোক ম্যালেরিয়া জ্বরে ধুঁকছে। চিকিৎসার জন্যে তোরাপ ডাক্তার ছাড়া গতি নেই। ম্যালেরিয়া পুরোনো হয়ে গেলে কিছুতেই সারতে চায় না। পেটের মধ্যে পিলে উঁচু হয়ে ওঠে, হাত-পা হয়ে যায় প্যাঁকাটির মতো সরু। তোরাপ ডাক্তারের এইরকম অনেক পিলে-ওঠা পুরোনো ম্যালেরিয়া-রোগী ছিল।

রোগের আর একটা সময় ছিল চোত-বোশেখ মাস। এই সময়টায় কলেরা আর বসন্ত হয়ে গ্রামকে গ্রাম সাফ হয়ে যেত। ম্যালেরিয়া আর কলেরার সব রোগী তোরাপ ডাক্তারের। এখানে অঘোর ডাক্তারের কোনো ভাগ ছিল না। জ্বর হলে, সর্দি হলে, বেশি খেয়ে বা অখাদ্য-কুখাদ্য খেয়ে পেট ছেড়ে দিলে লোক অঘোর ডাক্তারের কাছে যেত। আনা দুই পয়সা দিলেই, তিনি দিয়ে দিতেন দুই-তিন পুরিয়া ওষুধ। পয়সা দিতে না-পারলে ধারেও দিতেন। এমনকি একটা লাউ বা দুটো শশা নিয়ে গেলেও তিনি রোগী ফেরাতেন না।

অঘোর ডাক্তারের চাষবাসও ছিল না, ভিনগাঁয়ে ‘কলে’ যাবার ঘোড়াও ছিল না। হোমিওপ্যাথি ওষুধ রাখার জন্য একটা কাঠের বাক্স ছাড়া চিকিৎসার সরঞ্জাম বলতে আর কিছুই ছিল না তাঁর। তবে ওরকম বাক্যবাগীশ লোক লাখে একটা মিলবে কিনা সন্দেহ।

তিনি বলতেন, ‘বলি, মরতে তোরা আমার কাছে আসিস কেন বল দিকিনি। তোরাপের কাছে যা না। তা তো যাবি না-গেলে যে ব্যাটা কসাই ঘাড়টি মটকে তাজা রক্ত খাবে তোদের। বলি, এ কী ডাক্তারি বল দিকিন তোরা? তুই বললি, আমার অসুখ করেছে, আর অমনি তোরাপ হয় ছুরি বার করবে, না-হয় কোদাল বার করবে, না-হয় কুড়াল বার করবে...’

একজন রোগী হয়তো বাধা দিয়ে বলল, ‘না না ডাক্তারবাবু, তোরাপ ডাক্তার আবার কোদাল কুড়ুল কবে বার করলে!’

‘ওই হলো, লাঙলের ফালের মতো ছুঁচওয়ালা একটা বোতল বার করল। কী? না ইঞ্জেকশন দেব, গলা কাটব, মারব, ধরব। তারপর ওষুধ চাও, দেবে তোমাকে এক বোতল পিশাচের রক্ত। ওয়াক থু। যেমন দুর্গন্ধ, তেমনি বিচ্ছিরি সোয়াদ-ছ্যা ছ্যা ছ্যা! আর আমাদের হোমিওপ্যাথ কী করছে? বাঘ যেমন ভেড়ার পাল তাড়িয়ে নিয়ে যায় ঠিক তেমনি করে একটি পুরিয়ার আমার এই ওষুধ তোমার পায়ের আঙুলের ডগা থেকে জীবাণু বাবাজিদের খেদাতে খেদাতে মাথার চুলের ডগা দিয়ে বার করে দিচ্ছে। অথচ তুমি জানতেও পারছ না।’

সে বছর শরৎকালে ধান কেবল ডাঁশিয়ে উঠছে, ধানের ভেতর সাদা দুধ জমে চাল বাঁধছে, বেশ ঝরঝরে আবহাওয়া, আকাশভর্তি রোদ, একটু একটু ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে-এমনি সময়ে হুড়মুড়িয়ে চলে এল ম্যালেরিয়া জ্বর।

ব্যস, ম্যালেরিয়া জ্বরে লোক দমাদম বিছানা নিতে লাগল। ছেলে-বুড়ো কেউই বাদ যায় না। ম্যালেরিয়া যাদের পুরোনো হয়ে গেছে তাদের তো খুব মজা। ঠিক বেলা দশটার সময় চোখে সূর্যটা একটু হলুদ হলুদ ঠেকে, তারপর গা একটু গরম হয়, চোখ দুটি সামান্য জ্বালা করে তবে তারপর হুড় হুড় করে এসে পড়ে জ্বর। সঙ্গে সঙ্গে কী পিপাসা। ঘটি ঘটি পানি খেয়ে পিপাসা কমে না। পানি পেটে গিয়ে গরম হয়ে যায়, তারপর গা-টা গুলিয়ে ওঠে, তারপরেই বমি। বমি হয়ে গেলেই আবার পিপাসা। আবার ঘটি ঘটি পানি খাওয়া তারপর আবার বমি। জ্বর কমে আসে আন্তে আন্তে। রাত দশটার দিকে একদম জ্বর চলে গিয়ে গা ঠান্ডা।

গাঁয়ের অর্ধেকের বেশি লোক ম্যালেরিয়া জ্বরে পড়ল। তোরাপ ডাক্তার হলুদ রঙের বড়ো বড়ো বিকট দাঁত বের করে এ্যাই বড়ো সিরিঞ্জ নিয়ে, রোগীদের বাড়ি বাড়ি ঘুরতে লাগলেন। দুই পকেট ভর্তি ম্যাপাক্রিন বড়ি। সে যে কি ভয়ানক বড়ি ভাবা যায় না। রোগী যেখানেই থাক, সে মাটির দাওয়াতেই হোক আর খোলা আকাশের নিচে উঠোনেই হোক বা ঘরের ভেতরেই হোক, গলায় স্টেথোটি ঝুলিয়ে ইনজেকশনের বাক্সটি হাতে নিয়ে তোরাপ ডাক্তার ঠিক হাজির। লোকেই-বা আর কী করে? কাজেই বাধ্য হয়ে তোরাপ ডাক্তারকে ডাকতেই হয়। বেচারা অঘোর ডাক্তারের গুঁড়োতে যে কোনো কাজই হয় না।

সে যাই হোক, ঘরে ঘরে ঢুকেই গোদা গোদা এ্যাকাব্যাঁকা আঙুল দিয়ে তোরাপ ডাক্তার রোগীর কজি চেপে ধরে কিছুক্ষণ নাড়ি পরীক্ষা করতেন। রোগীরা সব বলাই সাধু। হয়তো জিজ্ঞেস করল, “তবে কি 'ম্যালোরি' জ্বর ডাক্তার সাহেব?”

তোরাপ ডাক্তার দাঁত কড়মড়িয়ে বলতেন, ‘তাছাড়া আর কী হবে? এই যে দেখাচ্ছি মজা, একটি ইনজেকশনে ম্যালেরিয়ার ভূত ছাড়াব।’ এই বলে আশেপাশের লোকদের আদেশ দিতেন, ‘ধর তো এটাকে চেপে, সুঁইটা দিয়ে দিই একবার। আর দুটো টাকা রাখো এখানে আমার সামনে, আমার ফি আর ওষুধের দাম। উঁহু আগে টাকা রাখো, তারপর অন্য কাজ।’

এই বলে তোরাপ ডাক্তার একদিকের পকেটে টাকা দুটো ভরতেন, আরেক পকেট থেকে বের করতেন ইনজেকশন দেবার সিরিঞ্জ। কী প্রচণ্ড সিরিঞ্জ! আর তার ছুঁচ তো নয়, ঠিক যেন মোষের লাঙলের ফলা। লোকের গায়ে ফুঁড়তে ফুঁড়তে ছুঁচের মাথা গিয়েছে ভোঁতা হয়ে। সেই ভয়ানক যন্ত্র দেখেই তো রোগী বিছানা থেকে লাফিয়ে উঠে পালাবার চেষ্টা করত। তোরাপ ডাক্তার চিৎকার করতেন, ‘ধর ধর, ঠেসে, চেপে ধর’-সঙ্গে সঙ্গে তিন-চারজন যণ্ডাগোছের লোক গিয়ে বিছানার সঙ্গে চেপে ধরত রোগীকে। তারপর কোমরের কাপড়ের কষিটা খুলে তোরাপ ডাক্তার মাংসের মধ্যে প্যাঁট করে ঢুকিয়ে দিতেন সেই মোটা ছুঁচ। সঙ্গে সঙ্গে রোগীর সমস্ত পা-টা যেত অবশ হয়ে।

এইরকম করে ইনজেকশন দিয়ে সে-বছর শরৎকালে তোরাপ ডাক্তার দুহাতে টাকা রোজগার করতে লাগলেন। ম্যালেরিয়ার প্রকোপ যত বাড়ে ততই বাড়ে তাঁর রোজগার। ইনজেকশন দিয়ে তিনি দু-তিনটে লোককে তো চিরদিনের জন্য খোঁড়া করে দিলেন। তাঁর ম্যাপাক্রিন বড়ি খেয়ে কয়েকজন তো চিরকালের জন্য কালা হয়ে গেল। তবু লোকে বাধ্য হয়ে তাঁর কাছেই যেতে লাগল। হোমিওপ্যাথি ওষুধ দিয়ে ম্যালেরিয়ার মতো দুর্দান্ত জ্বর ঠেকানের সাধ্য ছিল না অঘোর ডাক্তারের। তাঁর কাছে আর কেউ যায় না। তাঁর সংসার চলাই দায় হয়ে উঠল। শেষপর্যন্ত কী আর করেন তিনি।

একদিন অঘোর ডাক্তার চুপিচুপি জেলা শহরে গিয়ে একটা সিরিঞ্জ আর কিছু কুইনাইন ইনজেকশন কিনে আনলেন। মনে মনে বললেন, তোরাপটার বড্ড বাড় বেড়েছে। খুব দু-পয়সা করে নিচ্ছিস, না? কিন্তু আমি হচ্ছি সব্যসাচী, সে খবরটা তো জানিস না তোরাপ। আমি দুই হাতে তির ছুড়তে পারি। ইচ্ছে হলে হোমোপ্যাথি করব আবার ইচ্ছে হলে এ্যালাপ্যাথি ইনজেকশন দেবো। মনে মনে এইসব কথা ভেবে তিনি সিরিঞ্জের ছুঁচ কিনলেন খুব মিহি দেখে। কাউকে কোনো কথা না-বলে সরঞ্জাম সব কিনে চুপি চুপি বাড়ি ফিরে এলেন সন্ধেবেলা।

পরের দিন সকাল বেলায় মুখটি ধুয়ে দাওয়ায় কাঠের টুল পেতে কেবল বসেছেন তিনি-এমন সময় ইদরিস আলীর বাড়ি থেকে লোক এল। ইদরিস আর তার পুরো পরিবার অনেকদিন থেকে তাঁর রোগী। শত অসুখ-বিসুখে তারা কোনোদিন তোরাপ ডাক্তারের কাছে যায় না, বলে, হেমাপ্যাথির ওপর ওষুধ আছে নাকি ডাক্তারবাবু? মরলে আপনার হেমাপ্যাথি খেয়েই মরব, তবু তোরাপ ডাক্তারের হাতে জান দিতে পারব না।

ইদরিস আলীর বাড়ির লোকের কাছ থেকে অঘোর ডাক্তার শুনলেন যে গত পাঁচ-সাত দিন থেকে ইদরিস নিদারুণ ম্যালেরিয়া জ্বরে বেহুঁশ। কিন্তু তোরাপ ডাক্তারের নাম করলেই তার হুঁশ ফিরে আসছে আর তখন সে বলছে, ‘আমি অঘোর ডাক্তারের হেমাপ্যাথি খেয়ে মরব, কিছুতেই এ্যালাপ্যাথি চিকিচ্ছে করাব না।’

কথা শুনে অঘোর ডাক্তার মিটিমিট হেসে বললেন, ‘কেন রে, এ্যালাপ্যাথি চিকিচ্ছেটা খারাপ হলো কোথায়? তোরাপ হলো ডাকাত, ও আবার ডাক্তার হলো কবে? এখন থেকে আমিই এক-আধটু এ্যালাপ্যাথি করব ভাবছি।’ ইদরিসের বাড়ির লোকটা অবাক হয়ে বলল, ‘তুমি এ্যালাপ্যাথি করবে কী গো? তুমি আবার সুই দেবে নাকি? অঘোর ডাক্তার রেগে বললেন, ‘কেন, দেব না কেন? সব বিদ্যাই জানা আছে আমার বুঝলি? চিকিচ্ছেটা তোরাপের লাঙল চালানো নয়। কেমন মিহি সুই কিনেছি দেখবি। ইদরিসকে আজ ফুঁড়ব। তুই যা, আমি আসছি। আর শোন বাবা, দুটো টাকা আগে জোগাড় করে রাখিস। তোরাপও দু-টাকা করে নেয়, আমাকে দিবি না কেন?’ অঘোর ডাক্তার কুইনাইন ইনজেকশন দিবেন এই খবর দেখতে দেখতে সারা গাঁয়ে চাউর হয়ে গেল। গাঁয়ের যত সুস্থ মানুষ ছিল, সব ছুটল ইদরিসের বাড়ির দিকে। ইদরিসের মেটেবাড়ির ছোট্ট ঘরে আর তিলধারণের জায়গা নেই-একটা লোক কোমরে চাদর জড়িয়ে হেঁড়ে গলায় চেঁচাতে লাগল, ‘এই, এই সব বাতাস ছেড়ে দাও, বাতাস আসতে দাও।’ কিন্তু কে কার কথা শোনে! অঘোর ডাক্তার হেমাপ্যাথি ছেড়ে ইনজেকশন দেবে-এ কী সোজা কথা!

রোগা অঘোর ডাক্তার বহু কষ্টে ঘরে ঢুকে, ট্যাক থেকে সিরিঞ্জ, ওষুধ এইসব বের করলেন। লোকজনের দিকে তাকিয়ে তাঁর দুই হাঁটু থরথর করে কাঁপতে লাগল। মুখে অবশ্য তম্বি করলেন, ‘ভিড় কমাও, আলো আসতে দাও তোমরা।’

এই কথা বলে বহু কষ্টে সিরিঞ্জের মাথায় সুচ লাগালেন, তারপর ওষুধ ভরে রোগীর দিকে এগিয়ে গেলেন। ঠিক এই সময় জ্বরের ঘোর ভেঙে জবাফুলের মতো গোল দুটো চোখ মেলে ইদরিস বলল, ‘ডাক্তারবাবু শেষে আপনার এই কাজ!’ এই বলে ইদরিস চোখ বন্ধ করে মড়ার মতো পড়ে রইল। অঘোর ডাক্তার বললেন, ‘ধর বাবা তোরা, ইদরিসকে একটু ধর।’ চোখ না-খুলেই ইদরিস বলল, ‘কাউকে ধরতে হবে না ডাক্তারবাবু, আপনি ইনজিশন দ্যান-বরঞ্চ আপনাকে ধরতে হলে ওদেরকে বলুন।’

হঠাৎ কেমন বোকার মতো অঘোর ডাক্তার হাসলেন, তারপর ইদরিসের কোমরের নিচে মাংসে হাত বুলাতে বুলাতে বললেন, ‘হেঁ হেঁ বড়ো মিহি কিনেছি ছুঁচটা, এই তুললাম’, এই কথা বলে সকলের দিকে চেয়ে প্রায় কাঁদো-কাঁদো গলায় আবার বললেন, ‘হেঁ হেঁ তোরাপের কম্ম নয়, তোমরা দ্যাখো একবার, এই তুললাম সিরিঞ্জ, এইবার, এইবার'-বলেই প্যাঁট করে সিরিঞ্জের সুচ ঢুকিয়ে দিলেন ইদরিসের কোমরের মাংসে। হাত কাঁপতে লাগল তাঁর, বারবার বলতে লাগলেন, ‘গভীর করে ফুঁড়তে হবে, গভীর করে ফুঁড়তে, .... এই যাহ্।’ পট করে একটা আওয়াজ উঠল আর হাহাকার করে উঠলেন অঘোর ডাক্তার, ‘হায় হায়, ছুঁচ ভেঙে গেছে, ছুঁচ ভেঙে গেছে, গেল গেল, সর্বোনাশ হলো, হায় হায়...।’

সুচটা তখন মাংসের ভিতরে ঢুকে যাচ্ছে। অঘোর ডাক্তারের শীর্ণ দুই হাত আঁতিপাঁতি করে খুঁজে বেড়াচ্ছে সেটাকে। তখন কোথা থেকে একটা জোয়ান ছেলে ছুটে এসে দাঁত দিয়ে কামড়ে তুলে ফেলল সুচটা ইদরিসের কোমর থেকে। সবাই চুপ করে আছে-ছেলেটা দাঁত থেকে খুলে হাতে নিল সুচটা, অঘোর ডাক্তারের দিকে চেয়ে বলল, ‘এই যে ডাক্তারবাবু পেয়েছি।’ অঘোর ডাক্তার দেখতে পেলেন না। ক্ষোভে দুঃখে তখন তাঁর চোখে অশ্রুর ঢল নেমেছে।

‘হেমাপ্যাথি, এ্যালাপ্যাথি’ গল্পের উৎস নির্দেশ:
--

‘হেমাপ্যাথি, এ্যালাপ্যাথি’ গল্পের শব্দার্থ ও টীকা:
➠ হোমিওপ্যাথ- রোগ সৃষ্টিকারী বস্তুর ছোটো অংশ দিয়ে ওই রোগ নিরাময়ের চিকিৎসা-প্রণালি। ইংরেজি Homoeopath.
➠ এ্যালোপ্যাথ- ইউরোপীয় আধুনিক চিকিৎসাপ্রণালি বিশেষ। ইংরেজি Allopath.
➠ স্পিরিট- একধরনের রাসায়নিক পদার্থ। ইংরেজি Spirit.
➠ স্রেফ- শুধু।
➠ বেতো- বেতের মতো।
➠ ছাঁদনা- এক ধরনের দড়ি। গরু বাঁধার কাজে ব্যবহৃত হয়।
➠ শিকেয় তোলা- শিকা হলো দড়ি দ্বারা নির্মিত থলের মতো বস্তু, যেখানে খাদ্য সংরক্ষণের জন্য হাঁড়ি-পাতিল বুঝুলিয়ে রাখা হয়। এখানে ‘শিকেয় তোলা’ বান্ধারা হিসেবে ব্যবহৃত হয়েছে, যার অর্থ স্থগিত বা মুলতবি রাখা।
➠ মওকা- সুযোগ।
➠ ওঁৎ- পূর্বপ্রস্তুতি নিয়ে আক্রমণের জন্য অপেক্ষা করা।
➠ টুটি- গলা বা কণ্ঠনালি।
➠ জাঁতা- শস্য গুঁড়া করার ভারি যন্ত্র।
➠ পিলে- প্লীহা। পাকস্থলির বামপাশে অবস্থিত মানবদেহের একটি অঙ্গ।
➠ প্যাকাটি- পাটকাঠি। ছাল ছাড়ানো শুকনো পাটগাছ।
➠ পুরিয়া- মোড়ক। হোমিওপ্যাথি ওষুধ পরিবেশনের জন্যে ব্যবহৃত প্যাকেট।
➠ কল- ডাক, আহ্বান। এককালে ডাক্তারকে টাকা দিয়ে বাড়িতে ডেকে আনাকে ‘কল’ বলা হতো। ইংরেজি call.
➠ বাক্যবাগীশ- বাকপটু।
➠ ভাঁশিয়ে- প্রায় পাকা।
➠ ম্যাপাক্রিন- একধরনের ঔষধ। ইংরেজি mapacrine.
➠ স্টেথো- স্টেথোস্কোপ, হৃৎস্পন্দন মাপার যন্ত্র। ইংরেজি Stetho.
➠ সিরিঞ্জ- ইনজেকশন দেওয়ার উপযোগী সুচ। ইংরেজি Syringe.
➠ বলাই সাধু- শ্রীকৃষ্ণের বড়ো ভাই বলরাম। এখানে ভালো মানুষ অর্থে ব্যবহৃত হয়েছে।
➠ মুণ্ডপাত- শিরশ্ছেদ। এখানে 'অভিশাপ' অর্থে ব্যবহৃত হয়েছে।
➠ কুইনাইন- ম্যালেরিয়া-জ্বরের ঔষধবিশেষ। ইংরেজি Quinine.
➠ সব্যসাচী- দুই হাতে সমান পারদর্শী। এখানে ‘দক্ষ’ অর্থে ব্যবহৃত হয়েছে।
➠ ট্যাক- কোমর। লুঙ্গি কোমরে বাঁধার সময় যে থলে আকৃতি অংশে টাকা-কড়ি রাখা হয়।
➠ তম্বি- বকাঝকা করা।
➠ আঁতিপাতি- পুঙ্খানুপুঙ্খভাবে।
➠ ইনজিশন- ‘ইনজেকশন’-এর আঞ্চলিক রূপ। ইংরেজি Injection.

‘হেমাপ্যাথি, এ্যালাপ্যাথি’ গল্পের পাঠ-পরিচিতি ও মূলভাব:

‘হেমাপ্যাথি, এ্যালাপ্যাথি’ গল্পে লেখক সরস ভাষায় গ্রাম্য দুজন হাতুড়ে ডাক্তারের প্রতিদ্বন্দ্বিতার কথা বলেছেন। হোমিওপ্যাথ ডাক্তারের নাম ছিল অঘোর এবং এ্যালোপ্যাথ ডাক্তারের নাম ছিল তোরাপ। ম্যালেরিয়ার প্রকোপে গ্রামের ছেলেবুড়ো সকলে কাতর হলে তোরাপের আয় রোজগারের সুবিধা হতো; আর অঘোর ডাক্তারের কাছে কেউ যেতই না। রোগীর অভাবে অঘোর ডাক্তারের সংসার চলাই দায় হয়ে উঠল। তাই অঘোর ডাক্তার একদিন গোপনে বাজার থেকে সিরিঞ্জ আর কুইনাইন ইনজেকশন কিনে এনে এ্যালোপ্যাথি চিকিৎসা শুরুর চেষ্টা করলেন। অঘোর ডাক্তার কাঁপা কাঁপা হাতে ইদরিস নামের এক রোগীর কোমরের গভীর মাংসে সিরিঞ্জের সুচ ঢুকিয়ে দিতে গিয়ে সুচটা ভেঙে ফেললেন। ওই সময়ে একটি বুদ্ধিমান ছেলে বিষয়টার ভয়াবহ পরিণতি আঁচ করতে পেরে সঙ্গে সঙ্গে দাঁত দিয়ে সুচটা বের করে নেয়। লজ্জা, ক্ষোভ, দুঃখ, অপমান ও অভিমানে অঘোর ডাক্তারের চোখে অশ্রু ঝরে। তিনি নিজের ভুলটা বুঝতে পারলেন।
যার যেটা কাজ সেটাই করা উচিত, নয়তো দুঃখ ও অপমান বয়ে বেড়াতে হয়; গল্পটিতে এ ভাবই প্রতিফলিত হয়েছে।


‘হেমাপ্যাথি, এ্যালাপ্যাথি’ গল্পের লেখক পরিচিতি:
হাসান আজিজুল হকের জন্ম ১৯৩৯ খ্রিষ্টাব্দে, ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে। তিনি বাংলাদেশের একজন খ্যাতনামা কথাসাহিত্যিক। গল্প, উপন্যাস, প্রবন্ধ এবং শিশু-কিশোর রচনাসহ তাঁর রচিত ও প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই ডজনেরও অধিক। হাসান আজিজুল হকের উল্লেখযোগ্য গল্পগ্রন্থ: ‘ত্মজা ও একটি করবী গাছ’ ও ‘জীবন ঘষে আগুন’; উপন্যাস: ‘আগুনপাখি’ ও ‘সাবিত্রী উপাখ্যান’ এবং শিশুতোষ-গ্রন্থ: ‘লালঘোড়া আমি’ ও ‘ফুটবল থেকে সাবধান’ প্রভৃতি। সাহিত্যক্ষেত্রে অবদানের জন্য তিনি বাংলা একাডেমিসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। এছাড়াও রাষ্ট্রীয় স্বীকৃতিস্বরূপ পেয়েছেন একুশে ও স্বাধীনতা পদক।

‘কাকতাড়ুয়া’ গল্পের বর্ণনামূলক প্রশ্ন- ১:

নিচের ক ও খ প্রশ্ন দুটির উত্তর দাও:
ক. অঘোর ডাক্তার কীভাবে তাঁর রোগীদের চিকিৎসা করতেন?
খ. তোরাপ ডাক্তার কীভাবে তাঁর রোগীদের চিকিৎসা করতেন এবং তাঁর চিকিৎসার সময় কী ধরনের সমস্যা সৃষ্টি হতো?

ক. অঘোর ডাক্তার ছিলেন এক ধরনের অদ্ভুত চিকিৎসক, যিনি সুনির্দিষ্ট কোনো চিকিৎসা পদ্ধতি অনুসরণ করতেন না। তিনি হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি ব্যবহার করতেন, তবে তার পদ্ধতি ছিল সাধারণত অতিরিক্ত অদ্ভুত এবং বাচ্চাদের জন্য হাস্যকর। তিনি রোগীদের খুব সহজেই সাদা ময়দার মতো গুঁড়ো বা স্পিরিট মেশানো পানির পুরিয়া দিতেন। তিনি রোগীদের বলতেন, ‘যা, খাগে যা,’ যা মূলত রোগীদের নির্দিষ্ট কোনো দিক নির্দেশনা ছাড়া, শুধুমাত্র প্রেরণা দেওয়ার উদ্দেশ্যে ছিল। কখনও কখনও তিনি রোগীদের টিউবওয়েলের পানিতে স্পিরিট মিশিয়ে পান করতে বলতেন, যার কোনো বাস্তব চিকিৎসাগত উপকারিতা ছিল না।
অঘোর ডাক্তার তাঁর রোগীদের মনে সাহস জোগাতেন, কিন্তু তাঁর চিকিৎসা ছিল প্রায় অব্যবহারিক। যখন রোগীরা জানতো না যে, তাঁদের অসুখ ভালো হবে কি না, তখন অঘোর ডাক্তার হতাশ না হয়ে বলতেন, ‘ভালো হয়ে উপচে পড়বে, যা, ওষুধ খাগে।’ এই ধরনের আশ্বাস দিয়ে তিনি রোগীদের মনে একটা আত্মবিশ্বাস জোগাতেন, যদিও তার চিকিৎসা কার্যকর বা বৈজ্ঞানিক ছিল না। তাঁর চিকিৎসার ধরন ছিল অনেকটা হাস্যরসিক, যা অনেক রোগীকে কোনোভাবে আশ্বস্ত করতো। কিন্তু এই চিকিৎসায় কোনো দৃশ্যমান বা শক্তিশালী ফল পাওয়া যেত না, যা রোগীদের আরও হতাশ করত। অর্থাৎ, অঘোর ডাক্তার তাঁর রোগীদেরকে হাস্যকর উপায়ে আশ্বস্ত করতেন, কিন্তু তাঁর চিকিৎসার আসল কার্যকারিতা ছিল সন্দেহজনক।

খ. তোরাপ ডাক্তার ছিলেন একজন এ্যালোপ্যাথিক চিকিৎসক, যিনি বেশ অভিজ্ঞ ছিলেন এবং বিভিন্ন কঠোর চিকিৎসার জন্য পরিচিত ছিলেন। তাঁর চিকিৎসা পদ্ধতি ছিল অনেকটা ভয়াবহ এবং কঠোর। তিনি রোগীদের জন্য ইনজেকশন, বড় বড় সিরিঞ্জ ও সুঁই ব্যবহার করতেন, যা রোগীদের মধ্যে ভীতি সৃষ্টি করত। বিশেষ করে, তাঁর সিরিঞ্জগুলো ছিল খুবই মোটা এবং ভয়ঙ্কর, যা দেখে রোগীরা আতঙ্কিত হয়ে পড়ত। রোগীরা প্রায়ই তাঁর কাছে যাওয়ার সময় কাঁপত, কারণ ইনজেকশনের যন্ত্রণা অনেকটা অস্বস্তির সৃষ্টি করত।
তোরাপ ডাক্তার ম্যালেরিয়া জ্বরের মতো গুরুতর রোগের চিকিৎসা করার জন্য রোগীদের ইনজেকশন দিতেন। কিন্তু তাঁর ইনজেকশন পদ্ধতি ছিল এতটাই কঠোর যে, অনেক রোগী তা সহ্য করতে পারতেন না। কিছু রোগী ইনজেকশনের পর বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা অনুভব করতেন, যেমন তারা কালো হয়ে যেত বা তাদের শরীরের কিছু অংশ পঙ্গু হয়ে যেত। কিছু রোগী দীর্ঘমেয়াদী ক্ষতির শিকার হতেন। তাছাড়া, তোরাপ ডাক্তার রোগীদেরকে প্রথমে টাকা দিতে বলতেন এবং তারপরই চিকিৎসা শুরু করতেন, যা রোগীদের জন্য কিছুটা অসম্মানজনক এবং কুৎসিত মনে হতো। এমনকি, অনেক রোগী ছিল যারা ভয়ে তাঁর কাছে আসত, কারণ তাদের কাছে বিকল্প চিকিৎসা পাওয়ার উপায় ছিল না।
এছাড়া, তোরাপ ডাক্তার রোগীদেরকে তাঁর নির্ধারিত উপায় অনুসরণ করার জন্য জোর করতেন, যার ফলে কিছু রোগী তাঁর চিকিৎসা পদ্ধতির কারণে বিপদে পড়ত। তাঁর চিকিৎসার সময় ঘটে যাওয়া এইসব সমস্যা এবং অসন্তোষজনক ফলাফলগুলো রোগীদের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করেছিল।


‘কাকতাড়ুয়া’ গল্পের বর্ণনামূলক প্রশ্ন- ২:

নিচের ক ও খ প্রশ্ন দুটির উত্তর দাও:
ক. অঘোর ডাক্তারের চিকিৎসা পদ্ধতির সঙ্গে তার রোগীদের প্রতিক্রিয়া কেমন ছিল?
খ. তোরাপ ডাক্তারের চিকিৎসার সময় রোগীরা কী ধরনের শারীরিক ও মানসিক অবস্থায় থাকত?

ক. অঘোর ডাক্তার তাঁর অদ্ভুত ও হাস্যকর চিকিৎসা পদ্ধতির জন্য রোগীদের কাছে বিশেষভাবে পরিচিত ছিলেন। তিনি সাধারণত খুব সহজ, কিন্তু একেবারে অচিন্তনীয় পদ্ধতিতে চিকিৎসা করতেন। তার চিকিৎসার মূল অঙ্গ ছিল সাদামাটা গুঁড়ো বা পানির পুরিয়া দেওয়া, যা রোগীদের বিশ্বাসে খুব বেশি কার্যকর ছিল না। তবুও, অঘোর ডাক্তারের রোগীরা তাঁর চিকিৎসা পদ্ধতিতে বেশিরভাগ সময় হতাশ হতো না, বরং তাঁর হাস্যরসাত্মক উপস্থাপনা এবং আশ্বাসে অনেকটা সাহস পেত। তিনি রোগীদের বলতেন, ‘ভালো হয়ে উপচে পড়বে, যা, ওষুধ খাগে,’ যা রোগীদের মনে এক ধরনের আত্মবিশ্বাস সঞ্চারিত করত।
তবে বাস্তবে, অঘোর ডাক্তার যে চিকিৎসা করতেন, তা কার্যকরী ছিল না এবং এতে রোগীরা কিছুটা বিভ্রান্ত ও হতাশ হত। তার চিকিৎসায় কোনো দৃশ্যমান ফলাফল দেখা যেত না, তবে রোগীরা তাঁর কাছে আসার সময় কিছুটা আশাবাদী হয়ে আসত। বিশেষ করে বাচ্চারা তাঁর চিকিৎসায় খুবই হাস্যকর অনুভূতি অনুভব করত, যা অনেক সময় তাদের সৃষ্টিশীলতা বা মজা লাগত।
অপরদিকে, অনেক রোগী এমন ছিলেন যারা অঘোর ডাক্তারের চিকিৎসার ফলাফল নিয়ে সন্দিহান ছিল, কিন্তু তার মজার আচরণ এবং আশ্বাসের কারণে তারা কিছুটা শান্ত থাকতেন। সব মিলিয়ে, অঘোর ডাক্তারের চিকিৎসা পদ্ধতিতে রোগীরা বিশেষভাবে উপকৃত হতো না, কিন্তু তাঁর অদ্ভুত আচরণ এবং আশ্বাসে তারা কিছুটা মনোবল পেত।

খ. তোরাপ ডাক্তার ছিলেন একজন কঠোর এবং অল্প একটু ভীতিজনক চিকিৎসক। তার চিকিৎসার ধরন ছিল অনেকটাই ভয়াবহ, বিশেষ করে তিনি যে ইনজেকশন ও সিরিঞ্জ ব্যবহার করতেন তা রোগীদের মধ্যে তীব্র ভীতি সৃষ্টি করত। তোরাপ ডাক্তার যখন তাঁর রোগীদের চিকিৎসা করতেন, তখন তাদের শারীরিক অবস্থা ছিল যথেষ্ট উদ্বেগজনক এবং মানসিকভাবে তাঁরা ছিল বেশ চাপগ্রস্ত। অনেক রোগী তো ইনজেকশন দেওয়ার জন্য তোরাপ ডাক্তারের কাছে যাওয়ার সময়ই কাঁপত, কারণ সিরিঞ্জগুলোর আকৃতি ছিল অনেক বড় এবং যন্ত্রণা সহ্য করা খুব কঠিন ছিল।
এছাড়া, রোগীরা সাধারণত ভয়ে কাঁপত এবং তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি ছিল, কারণ তাদের শরীরের কোনো অংশে ইনজেকশন বা চিকিৎসার কারণে ব্যথা, ফুলে যাওয়া বা কখনও কখনও অস্বাভাবিক শারীরিক অবস্থা দেখা দিত। এই ধরনের চিকিৎসার সময় রোগীদের শারীরিক ও মানসিক চাপ অনেক বৃদ্ধি পেত। অনেক রোগী তখন দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যার সম্মুখীন হতো, যেমন শরীরের কোনো অংশ পঙ্গু হয়ে যাওয়া বা কালো হয়ে যাওয়া।
রোগীদের মানসিক অবস্থা ছিল বেশ উদ্বেগপূর্ণ, কারণ তারা জানত না যে চিকিৎসা শেষে তারা সুস্থ হবে, না আরও বিপদে পড়বে। তাছাড়া, তোরাপ ডাক্তার রোগীদের জন্য প্রথমে টাকা নিতে বলতেন, যা রোগীদের মনে অস্বস্তি সৃষ্টি করত এবং এই চাপ আরও বাড়িয়ে দিত। অধিকাংশ রোগী তাকে ভয়ে ভয়েই চিকিৎসা করাতে আসত, কারণ তাঁদের কাছে অন্য কোনো উপায় ছিল না। তোরাপ ডাক্তারের চিকিৎসার সময় রোগীরা প্রায়ই শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় থাকত, এবং তারা জানত না যে তাদের ভালো হওয়ার সম্ভাবনা কতোটা।


‘কাকতাড়ুয়া’ গল্পের বর্ণনামূলক প্রশ্ন- ৩:

নিচের ক ও খ প্রশ্ন দুটির উত্তর দাও:
ক. অঘোর ডাক্তার কেন হোমিওপ্যাথি ছেড়ে এ্যালোপ্যাথি চিকিৎসা দিতে চাইছিলেন?
খ. ‘হেমাপ্যাথি, এ্যালাপ্যাথি’ গল্পের আলোকে গ্রামীণ হাতুড়ে ডাক্তারের চিকিৎসা পদ্ধতির সাথে আধুনিক চিকিৎসার বৈশাদৃশ্য নির্ণয় করো।

ক. অঘোর ডাক্তার হোমিওপ্যাথি ছেড়ে এ্যালোপ্যাথি চিকিৎসা দিতে চাইছিলেন মূলত আধুনিক চিকিৎসা পদ্ধতির প্রতি তার আকর্ষণ এবং চিকিৎসার ক্ষেত্রে কার্যকারিতার প্রতি তার খোঁজের ফলস্বরূপ। হোমিওপ্যাথির মাধ্যমে তার অভিজ্ঞতা ছিল যে, রোগীরা খুব বেশি উপকার পাচ্ছিল না, বিশেষ করে গুরুতর রোগ বা জটিল রোগের ক্ষেত্রে। তার নিজস্ব বিশ্বাস ছিল যে, রোগীদের ভাল চিকিৎসা ও দ্রুত ফলাফল পাওয়ার জন্য আধুনিক চিকিৎসা পদ্ধতি (এ্যালোপ্যাথি) বেশি কার্যকরী। এ্যালোপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে তিনি রোগের প্রকৃতি, লক্ষণ, এবং তার চিকিৎসার মাধ্যমে দ্রুত ফলাফল পেতে আশা করেছিলেন, যা তাকে হোমিওপ্যাথি থেকে দূরে ঠেলে দিয়েছিল।
অঘোর ডাক্তার জানতেন যে এ্যালোপ্যাথি চিকিৎসার মাধ্যমে রোগীরা দ্রুত সেরে উঠতে পারে, আর তার সাফল্য নিশ্চিত হওয়ার জন্য শক্তিশালী ওষুধ এবং আধুনিক চিকিৎসা পদ্ধতির দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন ছিল। তাঁর কাছে হোমিওপ্যাথি যতটা কার্যকর মনে হচ্ছিল না, এ্যালোপ্যাথির মাধ্যমে তিনি মনে করতেন যে তার চিকিৎসার প্রভাব অনেক বেশি দৃশ্যমান হবে এবং রোগীরা দ্রুত সুস্থ হতে পারবে। এর পাশাপাশি, নতুন চিকিৎসার পদ্ধতির প্রতি তার আগ্রহ এবং আধুনিক বিশ্বে তার স্থান প্রতিষ্ঠিত করার আকাক্সক্ষাও ছিল।

খ. ‘হেমাপ্যাথি, এ্যালোপ্যাথি’ গল্পটি গ্রামীণ হাতুড়ে ডাক্তারদের চিকিৎসা পদ্ধতির সাথে আধুনিক চিকিৎসার মধ্যে মূলত দুটি বৈশিষ্ট্যের পার্থক্য তুলে ধরে। গ্রামীণ হাতুড়ে ডাক্তাররা সাধারণত প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি অনুসরণ করেন, যেমন হোমিওপ্যাথি বা আথার্ভেদিক চিকিৎসা, যা অনেক সময় রোগীর স্বাস্থ্যের উপর প্রকৃত ফলাফল দেয় না। তাদের চিকিৎসায় ব্যবহৃত ওষুধগুলো সাধারণত খুব সাধারণ ও প্রকৃতির সঙ্গে সম্পর্কিত হয়, কিন্তু তা সবসময় রোগীদের সুস্থতা নিশ্চিত করে না। তাছাড়া, হাতুড়ে ডাক্তারদের কাছে আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং মেডিকেল সায়েন্সের অভাব থাকে, যার ফলে তাদের চিকিৎসা প্রক্রিয়া অনেক সময় অনির্ভরযোগ্য হয়।
অন্যদিকে, আধুনিক চিকিৎসা বা এ্যালোপ্যাথি সায়েন্টিফিক পদ্ধতিতে ভিত্তি করে এবং এতে রোগের সঠিক নির্ণয় ও আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয়, যেমন এক্স-রে, ল্যাব টেস্ট, এবং সুনির্দিষ্ট ওষুধের ব্যবহার। এ্যালোপ্যাথি চিকিৎসায় সাধারণত রোগের প্রকৃতি ও লক্ষণের উপর ভিত্তি করে নির্দিষ্ট চিকিৎসা পরিকল্পনা গ্রহণ করা হয়, যা কার্যকরী ফলাফল দিতে পারে। আধুনিক চিকিৎসা রোগীর শরীরে ভিতরে কী ঘটছে, তার বিস্তারিত বিশ্লেষণ করে এবং রোগ নির্ণয়ের জন্য উন্নত প্রযুক্তির সাহায্য নেয়। হাতুড়ে ডাক্তাররা সাধারণত রোগীকে তাড়াতাড়ি সুস্থ করার জন্য যেসব পদ্ধতি ব্যবহার করেন, তা খুবই সাধারণ এবং তাদের হাতে আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির অভাব থাকে। তাদের অনেক চিকিৎসা প্রক্রিয়া বাচ্চাদের কিংবা সহজ রোগীদের ক্ষেত্রে কাজ করতে পারে, তবে গুরুতর বা দীর্ঘস্থায়ী রোগের ক্ষেত্রে কার্যকরী ফলাফল পাওয়া যায় না। এর ফলে রোগীরা তাদের চিকিৎসার মাধ্যমে কখনও বা অনেক দেরিতে সেরে ওঠে, এবং কিছু রোগের ক্ষেত্রে উন্নতি খুবই সীমিত হয়।
অন্যদিকে, আধুনিক চিকিৎসা, তবে, দ্রুত, সঠিক এবং কার্যকরী ফলাফল প্রদান করতে পারে, বিশেষত গুরুতর রোগের ক্ষেত্রে। রোগীর চিকিৎসার জন্য উন্নত প্রযুক্তি, বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং বিভিন্ন ধরনের পরীক্ষা ব্যবহার করা হয়, যা রোগীর শারীরিক অবস্থা দ্রুত বুঝতে সাহায্য করে এবং তাকে সঠিক চিকিৎসা প্রদান করা সম্ভব হয়। আধুনিক চিকিৎসা শারীরিক অবস্থা নির্ণয় করে সঠিক চিকিৎসা দেয়, যা রোগীকে দ্রুত সুস্থ করতে সহায়ক।
এছাড়া, আধুনিক চিকিৎসায় রোগীর মানসিক অবস্থার ওপরও গুরুত্ব দেওয়া হয়, যেখানে হাতুড়ে ডাক্তাররা সেই দিকটি তেমন গুরুত্ব দেন না। এইভাবে, ‘হোমিওপ্যাথি, এ্যালোপ্যাথি’ গল্পের আলোকে গ্রামীণ হাতুড়ে ডাক্তারদের চিকিৎসা পদ্ধতির সঙ্গে আধুনিক চিকিৎসার বৈশাদৃশ্য স্পষ্ট হয়, যেখানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানসম্মত, সুনির্দিষ্ট, এবং দ্রুত ফলাফল দেয়, আর হাতুড়ে চিকিৎসায় অনেক সময় অদৃশ্য ফলাফল, অনিশ্চয়তা, এবং সীমাবদ্ধতা দেখা যায়।


‘কাকতাড়ুয়া’ গল্পের বর্ণনামূলক প্রশ্ন- ৪:

নিচের ক ও খ প্রশ্ন দুটির উত্তর দাও:
ক. অঘোর ডাক্তার চুপি চুপি জেলা শহরে গিয়েছিলেন কেন?
খ. ‘হেমাপ্যাথি, এ্যালাপ্যাথি’ গল্প অবলম্বনে গ্রামীণ হাতুড়ে ডাক্তারের চিকিৎসা পদ্ধতির বর্ণনা দাও।

ক. গ্রামের হোমিওপ্যাথ ডাক্তার অঘোরের চিকিৎসা পদ্ধতি ছিল বেশ অদ্ভুত। তার কাছে কোনো রোগী গেলেই তিনি সাদা ময়দার মতো গুঁড়োতে দু-তিন ফোঁটা স্পিরিট যোগ করে একটা পুরিয়া বানিয়ে দিতেন। তবে ম্যালেরিয়া রোগীরা কখনও তার কাছে যেত না, বরং তারা ভিড় করত এ্যালোপ্যাথ ডাক্তার তোরাপের কাছে। একবার পুরো গ্রাম ম্যালেরিয়ায় আক্রান্ত হলে, তোরাপ ডাক্তার দুহাতে টাকা আয় করেন, অথচ অঘোর ডাক্তার হয়ে পড়েন কর্মহীন। তাই তিনি গোপনে জেলা শহরে গিয়ে সিরিঞ্জ ও কুইনাইন ইঞ্জেকশন কেনার সিদ্ধান্ত নেন, যাতে তিনি এ্যালোপ্যাথ চিকিৎসা শুরু করতে পারেন।

খ. গ্রামীণ হাতুড়ে ডাক্তার বলতে সেই সকল ডাক্তারদের বোঝায়, যারা প্রথাগত ডাক্তারি শিক্ষার বাইরে থেকে সাধারণ চিকিৎসা দিয়ে থাকেন। তারা গ্রামে চিকিৎসাসেবা প্রদান করে থাকেন, যেখানে নিয়মিত ডাক্তারি সেবা পাওয়া কঠিন। ‘হেমাপ্যাথি, এ্যালোপ্যাথি’ গল্পে অঘোর ও তোরাপ দুজনেই সেই শ্রেণির সদস্য। গ্রামে যখন বিপদ বা সংকট আসে, তখন এ দুই ডাক্তারই তাদের শেষ ভরসা হয়ে ওঠেন। গ্রামীণ অঞ্চলে আধুনিক চিকিৎসাসেবা এখনও ঠিকমতো পৌঁছায়নি, ফলে মানুষের ভরসা রাখতে হয় এই হাতুড়ে ডাক্তারদের ওপর। অঘোর ডাক্তার হোমিওপ্যাথি পদ্ধতিতে চিকিৎসা দেন, যেখানে রোগীর কাছে একই ধরনের সাদা ময়দার গুঁড়ো ব্যবহার করা হয়। তোরাপ ডাক্তার এ্যালোপ্যাথি পদ্ধতিতে সিরিঞ্জ ব্যবহার করেন। তবে তোরাপের ইনজেকশনের কারণে বহু লোক চিরদিনের জন্য খোড়া হয়ে যায় এবং ম্যালাক্রিন বড়ি খাওয়ার পর কয়েকজনের ত্বক কালো হয়ে যায়। তবুও, গ্রামে একমাত্র চিকিৎসা ব্যবস্থা থাকায় মানুষ তাদের কাছে যায়। এটি গ্রামীণ অঞ্চলের বাস্তবতা, যেখানে উন্নত চিকিৎসাব্যবস্থা না থাকলে এসব অদক্ষ হাতুড়ে ডাক্তারদের ওপর নির্ভরশীল হয়ে পড়তে হয়। তবে, অঘোর ও তোরাপের চিকিৎসা পদ্ধতি বিজ্ঞানসম্মত না হওয়ার কারণে অনেক সময় মানুষের জীবন-যাত্রায় মারাত্মক ক্ষতি হয়, যা কখনও পূর্ণভাবে মিটানো সম্ভব হয় না।


‘কাকতাড়ুয়া’ গল্পের বর্ণনামূলক প্রশ্ন- ৫:

নিচের ক ও খ প্রশ্ন দুটির উত্তর দাও:
ক. ম্যালেরিয়া রোগীর অবস্থা কেমন হয়ে থাকে?
খ. ‘হেমাপ্যাথি, এ্যালাপ্যাথি’ গল্পের মূলভাব আলোচনা করো।

ক. ‘হেমাপ্যাথি, এ্যালোপ্যাথি’ গল্পে ম্যালেরিয়া জ্বরের প্রাদুর্ভাব ও তার ভয়াবহতা বর্ণিত হয়েছে। একসময়, ম্যালেরিয়া জ্বর গ্রামের পর গ্রাম ধ্বংস করে ফেলতো।
শরৎকালে ম্যালেরিয়া জ্বরের প্রকোপ শুরু হত এবং তখনকার সময়ের জন্য এটি ছিল সবচেয়ে ভয়ংকর জ্বর। মানুষ ঘরে ঘরে ছেঁড়া কাঁথা, ন্যাকড়া ও ত্যানা গায়ে চাপিয়ে কাঁপত। কাঁপুনি উপশম করার জন্য অনেকেই পাথর গায়ে চাপিয়ে রাখত। ম্যালেরিয়া শুরু হলে, ঘরবন্দি হয়ে যেতে হত সবাইকে-ছেলে-বুড়ো কেউ বাদ যেত না। পুরনো রোগীদের জন্য বেলা বাড়ার সাথে সাথে জ্বর বেড়ে যেত, আর পিপাসাও বাড়ত। পানি খেয়ে পিপাসা কমত না, বরং পেটের মধ্যে গিয়ে গরম হয়ে গা-টা গুলিয়ে উঠত এবং তারপর বমি হত। বমি হওয়ার পর আবার পিপাসা। এরপর জ্বর কিছুটা কমে আসত এবং রাত দশটার দিকে পুরোপুরি চলে যেত। এইভাবে ম্যালেরিয়া রোগীর অবস্থা খুবই শোচনীয় হয়ে উঠত।

খ. ‘হেমাপ্যাথি, এ্যালোপ্যাথি’ গল্পে হাসান আজিজুল হক গ্রামীণ পটভূমিতে বাস্তবতা খুব সহজ ও সাবলীল ভাষায় উপস্থাপন করেছেন। গল্পে দুটি গ্রামীণ হাতুড়ে ডাক্তার, অঘোর ও তোরাপের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা উঠে এসেছে। অঘোর হোমিওপ্যাথি চিকিৎসক এবং তোরাপ এ্যালোপ্যাথি চিকিৎসক। শরৎকালে ম্যালেরিয়া বাড়লে এ্যালোপ্যাথ ডাক্তারের আয় বৃদ্ধি পেত, কিন্তু অঘোরের রোগী কমে যাওয়ায় তার সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল। তাই একদিন গোপনে অঘোর জেলা শহরে গিয়ে সিরিঞ্জ ও কুইনাইন ইনজেকশন কিনে আসে এবং এ্যালোপ্যাথি চিকিৎসা শুরু করার চেষ্টা করে। প্রথম প্রচেষ্টায় অঘোর কাঁপা হাতে ইদরিস নামক রোগীর কোমরে সিরিঞ্জ ঢুকানোর চেষ্টা করে, কিন্তু সে সময় সুচটি ভেঙে ফেলে। ওই সময়ে, গ্রামে এক বুদ্ধিমান ছেলে দ্রুত দাঁত দিয়ে সুচটি বের করে আনে। এই ঘটনায় অঘোরের চোখে অপমান ও দুঃখের অশ্রু দেখা দেয়, এবং সে বুঝতে পারে যে নিজের সিদ্ধান্ত ভুল ছিল। গল্পের মাধ্যমে লেখক দেখিয়েছেন যে, যার যেটা কাজ, সে সেটাই করুক, না হলে দুঃখ ও অপমানের শিকার হতে হয়।


‘কাকতাড়ুয়া’ গল্পের বর্ণনামূলক প্রশ্ন- ৬:

নিচের ক ও খ প্রশ্ন দুটির উত্তর দাও:
ক. বর্ষা ও শীতে তোরাপ ডাক্তারি করতে যান না কেন?
খ. “যার যেটা কাজ সেটাই করা উচিত, নয়তো দুঃখ ও অপমান বয়ে বেড়াতে হয়।” ‘হেমাপ্যাথি, এ্যালাপ্যাথি’ গল্পের আলোকে আলোচনা করো।

ক. ‘হেমাপ্যাথি, এ্যালোপ্যাথি’ গল্পে লেখক গ্রামে দুটি ডাক্তারি পেশার মানুষের চরিত্র তুলে ধরেছেন। তাদের মধ্যে তোরাপ হলেন একজন এ্যালোপ্যাথ ডাক্তার। যদিও তিনি পেশায় ডাক্তার, তবে মৌসুম বুঝে তার কাজের ধরন পরিবর্তিত হয়। বর্ষাকালে, যা চাষবাসের মৌসুম, এবং শীতকালে, যা ফসল কাটার সময়, তোরাপ ডাক্তার তার ডাক্তারি পেশাকে একেবারে বাদ দিয়ে মাঠে কৃষিকাজে মনোনিবেশ করেন। কারণ এই দুই মৌসুমে যদি কৃষিকাজ না করা যায়, তবে সংসারের জন্য আয়ে কোনো আশ্রয় থাকবে না। তাই রোগী হয়ে শুয়ে থাকার কোনো উপায় নেই। এই সময় তোরাপ ডাক্তার শুধু কৃষিকাজে সময় দেন, চিকিৎসা পেশা থেকে তিনি নিজেকে দূরে রাখেন। মূলত কৃষিকাজের জন্যই তোরাপ এই সময়ে ডাক্তারি পেশা পরিত্যাগ করেন।

খ. বাংলায় একটি প্রবাদ রয়েছে—“যার কাজ তারই সাজে, অন্য লোকের লাঠি বাজে।” এর মানে হলো, যার যেটা কাজ, তাকে সেটাই করতে হবে। অন্যের কাজ করতে গেলে না শুধু নিজের অপমান ঘটে, বরং দুঃখ ও বিপদও বয়ে নিয়ে আসতে হয়। ‘হেমাপ্যাথি, এ্যালোপ্যাথি’ গল্পে হোমিওপ্যাথ ডাক্তারের চরিত্র অঘোর এই ভুলটি করেন, যখন তিনি এ্যালোপ্যাথ চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। গ্রামে ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল অনেক। এ্যালোপ্যাথ ডাক্তার তোরাপ সফলভাবে তাদের চিকিৎসা করে প্রচুর টাকা উপার্জন করছিলেন, তবে হোমিওপ্যাথ ডাক্তার অঘোরের কাছে কোনো রোগী আসত না, কারণ হোমিওপ্যাথি ম্যালেরিয়া জ্বরে কার্যকরী ছিল না। এর ফলে অঘোর তার সংসার চালাতে কষ্ট পেতেন। এক সময়, অঘোর ঠিক করেন তিনিও এ্যালোপ্যাথ চিকিৎসা দেবেন। তিনি গোপনে জেলা শহরে গিয়ে সিরিঞ্জ ও কুইনাইন ইনজেকশন কিনে আসেন। কিন্তু অঘোরের অভিজ্ঞতা না থাকায় প্রথম রোগী ইদরিসের কোমরে সুচ ঢোকানোর সময় সুচটি ভেঙে ফেলে। তখন এক বুদ্ধিমান ছেলে দাঁত দিয়ে সুচটি বের করে নেয়। এই অপমান, দুঃখ ও লজ্জায় অঘোরের চোখে অশ্রু আসে এবং তিনি বুঝতে পারেন যে অন্যের কাজ করা তার পক্ষে সম্ভব নয়। এভাবে বলা যায়, “চাষির চাষ দেখে চাষ করল গোয়াল,” অর্থাৎ, যদি আপনি নিজের কাজ জানেন না, তবে অন্যের কাজ করতে গিয়ে দুঃখ ও অপমানের শিকার হবেন, যেমনটি হয়েছে অঘোরের ক্ষেত্রে।


‘কাকতাড়ুয়া’ গল্পের বর্ণনামূলক প্রশ্ন- 7:

নিচের ক ও খ প্রশ্ন দুটির উত্তর দাও:
ক. কোন কোন সময় গ্রামে রোগের প্রকোপ বেশি ছিল। ব্যাখ্যা করো।
খ. হোমিওপ্যাথ ডাক্তার অঘোর ও এ্যালোপ্যাথ ডাক্তার তোরাপের চিকিৎসা পদ্ধতির তুলনামূলক আলোচনা করো।

ক. বর্ষা ও শীতকালে গ্রামের মানুষদের রোগী হয়ে শুয়ে থাকার কোনো সুযোগ ছিল না, কারণ এই সময় তারা পুরোপুরি ফসলের কাজে ব্যস্ত হয়ে পড়ত। তবে শরৎকাল আসার পর তোরাপ ডাক্তার কিছুটা সময় পেতেন এবং গাঁয়ের লোকেদের রোগী হয়ে শুয়ে থাকার সুযোগ পাওয়া যেত। এই সময়টাতে ম্যালেরিয়া জ্বরও অতিরিক্ত বেড়ে যেত, যা গোপনে বা আকস্মিকভাবে মানুষের উপর আক্রমণ করত। এই জ্বরকে বাঘের মতো তাড়া করে শিকার করার সাথে তুলনা করা হয়েছে, কারণ বাঘ যেমন গোপনে এগিয়ে গিয়ে শিকারকে আক্রমণ করে, তেমনই ম্যালেরিয়া জ্বর মানুষদের উপর ঝাঁপিয়ে পড়ত। আশ্বিন মাস থেকে এই রোগের প্রাদুর্ভাব শুরু হত। তখন ঘরে ঘরে মানুষ কাঁথা, ন্যাকড়া গায়ে জড়িয়ে কাঁপতে থাকত, এবং তাদের কাপুনি থামানোর জন্য পাথরের জাতা গায়ে চাপাতে হতো। এর পরবর্তী সময় ছিল চৈত্র-বৈশাখ মাস, যখন কলেরা এবং বসন্ত রোগ ছড়িয়ে পড়ত এবং পুরো গ্রাম সাফ হয়ে যেত।

খ. ‘হেমাপ্যাথি, এ্যালাপ্যাথি’ গল্পে হোমিওপ্যাথ ডাক্তার অঘোর এবং এ্যালোপ্যাথ ডাক্তার তোরাপের চিকিৎসা পদ্ধতির পার্থক্য তুলে ধরা হয়েছে। অঘোর ডাক্তার রোগীদের সাদা ময়দার মতো গুঁড়োতে স্পিরিট মিশিয়ে পুরিয়া বানিয়ে দিতেন, যা কখনও ভালো লাগত না, আবার কখনও খেতে মন্দ লাগত না। তিনি একাধিকবার রোগীকে শুধু টিউবওয়েলের পানিতে স্পিরিট মিশিয়ে খাওয়ার জন্যও আদেশ দিতেন। তার মতে, তার ওষুধ রোগীর শরীরের সব জীবাণু দেহ থেকে বের করে ফেলত। ম্যালেরিয়া, সর্দি, অখাদ্য খাওয়ার ফলে পেট খালি হলে, রোগীরা অঘোরের কাছে যেত। আর তিনি দুই-পয়সায় কয়েকটি পুরিয়া ওষুধ দিতেন। না দিতে পারলে, ধারেও দিতেন, এমনকি লাউ বা শশাও নিয়ে এলে ওষুধ দিতেন।
অন্যদিকে, তোরাপ ডাক্তার ছিলেন বেশি জনপ্রিয়। তাঁর কীভাবে ডাক্তারি শিক্ষা হয়েছিল, তা কেউ জানত না, তবে শোনা যায় তিনি ছোটবেলায় একজন বুড়ো ডাক্তারকে হুঁকো পরিষ্কার করতেন। তোরাপ ডাক্তার ছিল সস্তা চিকিৎসক, যিনি নিজের হাতে কৃষিকাজও করতেন। শরৎকালে যখন গাঁয়ে ম্যালেরিয়ার প্রকোপ বেড়ে যেত, তোরাপ ডাক্তার ব্যস্ত হয়ে পড়তেন। তিনি রোগীদের ঘরে ঘরে গিয়ে বড় সিরিঞ্জ এবং ম্যাপাক্রিন বড়ি দিয়ে চিকিৎসা করতেন। তোরাপ ডাক্তার রোগীকে আশ্বস্ত করে তাদেরকে ইনজেকশন দিতেন, তবে তাঁর ওষুধ কখনও কখনও বিপদ ডেকে আনত। অনেক রোগী ইনজেকশন খেয়ে চিরকাল খোঁড়া হয়ে যেত, আবার কিছু রোগী ম্যালাক্রিন বড়ি খেয়ে কালো হয়ে যেত। তবুও, গাঁয়ের মানুষদের একমাত্র ভরসা ছিলেন তোরাপ ডাক্তার।


‘কাকতাড়ুয়া’ গল্পের বর্ণনামূলক প্রশ্ন- ৮:

নিচের ক ও খ প্রশ্ন দুটির উত্তর দাও:
ক. ম্যালেরিয়া জ্বরকে বাঘের সঙ্গে তুলনা করা হয়েছে কেন?
খ. এ্যালোপ্যাথ ডাক্তার তোরাপের ম্যালেরিয়া চিকিৎসা কেমন ছিল?

ক. ‘হেমাপ্যাথি, এ্যালোপ্যাথি’ গল্পে দেখানো হয়েছে যে, কৃষিপ্রধান দেশে বর্ষা ও শীতকাল হচ্ছে কাজের সময়। এই সময় গ্রামবাসীরা অসুস্থ হয়ে শুয়ে থাকতে পারেনি কারণ তাদের জন্য কাজের চেয়ে বড় কোনো কিছু ছিল না। তবে শরৎকালে কিছুটা অবসর পাওয়ার সুযোগ তৈরি হত, আর ঠিক তখনই ম্যালেরিয়া জ্বর গ্রামবাসীদের উপর আক্রমণ করত। আশ্বিন মাসে ম্যালেরিয়া এমনভাবে ছড়িয়ে পড়ত যে, মানুষ ঘরে ঘরে ছেঁড়া কাঁথা, ন্যাকড়া, ত্যানা গায়ে জড়িয়ে কাঁপত। এই জ্বরটি এতই ভয়ঙ্কর ছিল যে, লেখক এটি বাঘের সাথে তুলনা করেছেন। বাঘ যেমন ধীরে ধীরে এগিয়ে গিয়ে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে শিকারকে আক্রমণ করে, তেমনি ম্যালেরিয়া জ্বরও আক্রমণ করত গ্রামের মানুষের উপর। এই সময়ে ম্যালেরিয়ার তীব্রতা এতটাই বেশি ছিল যে এটি বাঘের মতো আক্রমণ করত।

খ. ‘হেমাপ্যাথি, এ্যালোপ্যাথি’ গল্পে শরৎকালের সুস্থ ও ঠান্ডা আবহাওয়ার মধ্যে ম্যালেরিয়া জ্বরের প্রাদুর্ভাব দেখা দেয়। সেই সময়ে গ্রামের প্রায় সবাই এই জ্বরে আক্রান্ত হয়ে পড়ে এবং তাদের একমাত্র ভরসা হয় এ্যালোপ্যাথ ডাক্তার তোরাপ। লেখকের গ্রামের ত্রিশ-পঁইত্রিশ বছর আগে যারা ডাক্তার ছিলেন, তাদের মধ্যে তোরাপ ডাক্তার ছিলেন একজন এ্যালোপ্যাথি চিকিৎসক। গ্রামের দুই হাতুড়ে ডাক্তার তোরাপ ও অঘোরের মধ্যে প্রতিযোগিতায় সবসময় তোরাপ ডাক্তারই এগিয়ে থাকতেন, কারণ ম্যালেরিয়া জ্বরের মতো বড় রোগের চিকিৎসা অঘোরের হোমিওপ্যাথি চিকিৎসায় সম্ভব ছিল না। একমাত্র তোরাপ ডাক্তারই ম্যালেরিয়া জ্বরের চিকিৎসা করতে পারতেন।
একবার শরৎকালে গ্রামের প্রায় অর্ধেক লোক ম্যালেরিয়ায় আক্রান্ত হলে, তোরাপ ডাক্তার আরও বেশি ব্যস্ত হয়ে পড়েন। তোরাপ ডাক্তার হলুদ রঙের বড় বড় দাঁত বের করে, পকেটে ম্যাপাক্রিন বড়ি নিয়ে রোগীর বাড়িতে গিয়ে ইনজেকশন দিতেন। তিনি রোগীর কব্জি চেপে ধরে, কিছুক্ষণ নাড়ি পরীক্ষা করে ম্যালেরিয়ার চিকিৎসা করতেন। তাঁর চিকিৎসা ছিল অনুমাননির্ভর এবং এই চিকিৎসায় অনেক রোগী সেরে উঠলেও, কিছু রোগী চিরকাল খোঁড়া হয়ে যেত কিংবা মাপাক্রিন বড়ি খেয়ে কালো হয়ে যেত। এভাবেই তোরাপ ডাক্তার ম্যালেরিয়া চিকিৎসা করতেন, যা কখনও কখনও মারাত্মক ক্ষতির কারণ হত।


‘কাকতাড়ুয়া’ গল্পের বর্ণনামূলক প্রশ্ন- ৯:

নিচের ক ও খ প্রশ্ন দুটির উত্তর দাও:
ক. বর্ষা আর শীতে গাঁয়ের লোকদের রোগী হয়ে শুয়ে থাকার সুযোগ নেই কেনো? ব্যাখ্যা করো।
খ. ‘ইদরিস চরিত্রের মধ্য দিয়ে অজ্ঞতা ও একগুঁয়েমিভাব প্রকাশ পেয়েছে’—তোমার দৃষ্টিকোণ থেকে বিচার করো।

ক. ‘হেমাপ্যাথি, এ্যালাপ্যাথি’ গল্পের মাধ্যমে হাসান আজিজুল হক সরস ভাষায় গ্রাম্য দুজন হাতুড়ে ডাক্তারের প্রতিদ্বন্দ্বিতার কথা তুলে ধরেছেন।
গ্রামের সহজ-সরল মানুষদেরকে চিকিৎসা করানোর জন্য এই দুই ডাক্তার ছাড়া আর কোনো উপায় ছিলো না। গ্রামের অধিকাংশ মানুষই অশিক্ষিত, কৃষিজীবী শ্রেণির মানুষ। কৃষকসমাজে কাজের মৌসুমে তাদের শারীরিক শ্রম দিয়েই কাজ করতে হয়। কাজের সময় কোনো অজুহাত চলে না, কারণ সঠিক সময়ে কাজ না করলে অর্থাৎ বীজ রোপণ করার এবং ফসল কেটে ঘরে তোলার কাজের এই দুই সময়ে কাজ না করলে তাঁদের পেটে ভাত জুটবে না। বাংলার কৃষিসমাজে সাধারণত বর্ষা সময়ে বীজ বা শস্য রোপণ করার মৌসুম। কৃষিসমাজে এ দুই মৌসুমে কৃষকদের বেশি ব্যস্ত থাকতে হয়, পরিশ্রম করতে হয়। অন্যান্য সময় বেশ কিছু অবসর সময় পার করলেও কাজের মৌসুমে তা হয়ে ওঠে না। কর্মক্ষম, চাঞ্চল্য অবস্থায় সাধারণত কোনো উপায় থাকে না।

খ. হাসান আজিজুল হকের ‘হেমাপ্যাথি, এ্যালাপ্যাথি’ ব্যঙ্গাধর্মী গল্পটি একটি শিক্ষণীয় গল্প। তিনি ছিলেন সহজ সরল ভাষার লেখক। সহজ, সরল, ভাব-ভাষা ব্যবহার করে তিনি এ গল্পটিকেও অনবদ্য করে তুলেছেন।
গ্রাম্য দুজন হাতুড়ে ডাক্তারের পারস্পরিক দ্বন্দ্ব-সংঘাতের কাহিনি নিয়ে তিনি 'হেমাপ্যাথি, এ্যালাপ্যাথি' গল্পটি রচনা করেছেন। হেমাপ্যাথি ডাক্তার হলেন অঘোর এবং এ্যালাপ্যাথি ডাক্তার হলেন তোরাপ। উভয়ই এ গল্পের প্রধান চরিত্র এবং সমস্ত ঘটনাপ্রবাহ আবর্তিত হয়েছে। অঘোর ডাক্তার ও তোরাপ ডাক্তারকে কেন্দ্র করে। ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাবে গ্রামের ছেলে বুড়ো সকলে কাতর হলে তোরাপের আয়-রোজগারের সুবিধা হতো। অপরদিকে, হাতুরে হোমিওপ্যাথ চিকিৎসক অঘোর ডাক্তারের কাছে সাধারণ মানুষ যেতে চাইতো না। সাধারণ লোকজনের মতে, ম্যালেরিয়া রোগে হোমিওপ্যাথির পুরিয়া খেয়ে কোনো কাজ হয় না। এ অবস্থায় রোগীর অভাবে অথোর ডাক্তারের সংসার চলা দায় হয়ে উঠেছিলো। গ্রামের একজন সহজ-সরল খেটে খাওয়া মানুষ ইদরিস। যে কিনা শত অসুস্থতায়ও অঘোরের হোমিওপ্যাথে বিশ্বাসী। তাই রোগ-বালাই হলে সবসময় হোমিওপ্যাথ ঔষধ গ্রহণে অভ্যস্থ ছিলেন। একবার ইদরিস প্রচ- ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হলে সবাই তাকে এ্যালাপ্যাথি চিকিৎসা নিতে বলে কিন্তু সে তাতে মোটেও রাজি ছিলো না। ম্যালেরিয়া জ্বর হলে সবাই ভোবাপ ডাক্তারের কাছে গেলেও গ্রামের ইদরিস হোমিওপ্যাথ চিকিৎসা করে মরতে রাজি আছে তারপরও এ্যালোপ্যাথি চিকিৎসা করাবে না। আমার মতে, ইদরিস চরিত্রের এরূপ একগুঁয়েমির মধ্যদিয়ে তাঁর অজ্ঞতা এবং সামাজিক অসচেতনতার দিকটি ফুটে উঠেছে। যে রোগের জন্য যে চিকিৎসা প্রয়োজন সেটা না করে নিজের ইচ্ছেমতো একরোখা ভাব প্রকাশ করেছে। শেষ পর্যন্ত, তার একরোখা অচরণের কারণে ভয়াবহ পরিস্থিতির স্বীকার হতে হয়েছিলো।
সুতরাং, বলা যায়, ইদরিস চরিত্রে অজ্ঞতা, অসচেতনতা, একরোখা, একগুঁয়েমি প্রভৃতি বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে।


‘কাকতাড়ুয়া’ গল্পের বর্ণনামূলক প্রশ্ন- ১০:

নিচের ক ও খ প্রশ্ন দুটির উত্তর দাও:
ক. “ম্যালেরিয়ার মতো বাঘা জ্বর তখন আর ছিলো না।” মন্তব্যটি ব্যাখ্যা করো।
খ. “অঘোর ডাক্তার ও তোরাপ ডাক্তার উভয়ই ব্যক্তিস্বার্থ উদ্ধারে তৎপর।”—গল্পের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো।

ক. ‘হেমাপ্যাথি, এ্যালাপ্যাথি’ গল্পটি হাসান আজিজুল হকের লিখিত সামাজিক সচেতনতা, কর্তব্যবোধ এবং দায়বদ্ধতামূলক রচনা। গ্রামের সহজ সরল মানুষকে কৌশলে বোকা বানিয়ে দুই হাতুরে ডাক্তারের নিজ স্বার্থ উদ্ধারের বিষয়টি গল্পে উপস্থাপিত হয়েছে। অঘোর ডাক্তার ছিলেন হোমিওপ্যাথ চিকিৎসক। অপরদিকে, তোরাপ ডাক্তার ছিলেন এ্যালোপ্যাথ চিকিৎসক। রোগী পেলে উভয়ই খুশি; দুটো পয়সা রোজগারের আশায়। সাধারণত, কাজের মৌসুমে লোকজন রোগ-বালাইকে খুব একটা গুরুত্ব দিতো না। কেননা, অসুস্থতার দোহাই দিয়ে শুয়ে থাকলে পেটে ভাত জুটবে না। কৃষিপ্রধান সমাজে বর্ষা মৌসুম হলো শস্য, বীজ রোপণ করার উপযুক্ত সময় এবং শীত মৌসুম হলো ফসল কেটে ঘরে তোলার সময়। ম্যালেরিয়া ছিলো গ্রামের লোকদের প্রধান ভয়। বাঘ যেমন পুঁটি পুঁটি পায়ে এগিয়ে এগিয়ে হঠাৎ লাফ দিয়ে। ঝাঁপিয়ে পড়ে শিকারের টুটি কামড়ে ধরে, ঠিক ম্যালেরিয়া জ্বর। ছিলো তেমনই। ম্যালেরিয়া জ্বর এসে গ্রামের গরিব লোকদের ওপর ঝাঁপিয়ে পড়তো। তাঁরা ম্যালেরিয়াকে বাঘা জ্বর বলে অভিহিত করেছে। এ জ্বরে মানুষ ছেঁড়া কাঁথা, ন্যাকড়া, ত্যানা গায়ে চাপিয়ে কোঁকাতো। গায়ের কাপুনি থামাবার জন্য পাথরের জাঁতা পর্যন্ত দিতো; এতো ভয়াবহ হওয়ার কারণে তাই বলা হয়েছে, ‘ম্যালেরিয়ার মতো বাঘা জ্বর আর নেই’।

খ. হেমাপ্যাথি, এ্যালাপ্যাথি গল্পের অঘোর ডাক্তার এবং তোরাপ ডাক্তার উভয়ই ব্যক্তিস্বার্থ উদ্ধারে সক্রিয় ছিলেন। লেখক পঠিত গল্পে গ্রামের সাধারণ গ্রামীণ জীবনচিত্র তুলে ধরেছেন। গ্রামের মানুষদের প্রধান পেশা ছিলো কৃষিকাজ। গ্রামের অধিকাংশ মানুষ ছিলো অশিক্ষিত, অজ্ঞ। ভালো কিংবা মন্দ বিচার করার মতো ক্ষমতা তাঁদের ছিলো না বলেই গ্রামের দুজন হাতুড়ে ডাক্তার তোরাপ ও অঘোরের জাঁতাকলে পৃষ্ট হতে হয়েছে। গ্রাম্য দুজন হাতুরে ডাক্তার এবং তাদের পারস্পরিক দ্বন্দ্বের প্রেক্ষিতে গ্রামের সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র গল্প করে লেখক হেমাপ্যাথি-এ্যালাপ্যাথি গল্পে উপস্থাপন করেছেন। হেমাপ্যাথি চিকিৎসক হলেন- অঘোর ডাক্তার; অপরদিকে এ্যালোপ্যাথি চিকিৎসক ছিলেন তোরাপ ডাক্তার। তোরাপ ডাক্তার কৃষিকাজও করতে অভ্যস্থ ছিলেন। একজন ডাক্তারের ধর্ম হলো রোগীকে চিকিৎসা করা; সুস্থ করে তোলা। কিন্তু, অঘোর ডাক্তারের চিকিৎসা সরঞ্জাম বলতে তেমন কিছুই ছিলো না। তিনি অনেক সময় শুধু পানি মিশ্রিত, স্পিরিট মিশ্রিত পুড়িয়া দিয়ে গ্রামের সহজ সরল মানুষদের থেকে টাকা-পয়সা হাতিয়ে নিতেন। হোমিওপ্যাথ চিকিৎসার নামে তার চরিত্রে চালাকি এবং প্রতারণার দিকটি উন্মোচিত হয়েছে।
অপরদিকে, এ্যালোপ্যাথ চিকিৎসক ছিলেন তোরাপ ডাক্তার। তিনি জনমানুষের সেবার জন্য ডাক্তার ছিলেন না। তিনি ডাক্তারি পেশাকে ব্যবসার মতো করে ফেলেছিলেন। তিনি নিজের ইচ্ছেমতো রোগীর চিকিৎসা করতেন। সাধারণত, বর্ষা এবং শীত মৌসুমে কৃষিসমাজে কাজের ব্যস্ততা থাকে। তোরাপ ডাক্তারও চিকিৎসার পাশাপাশি কৃষিকাজ করতেন। তাই, এই মৌসুমে তিনি রোগীর চিকিৎসার ধার ধারতেন না। তিনি শুধু নিজ স্বার্থে কাজ করে যেতেন। বলা হয়েছে, ফসল রোপণ কিংবা ফসল কর্তনের মৌসুমে যদি কোনো রোগী মারাও যেতো তারপরও তিনি চিকিৎসা করতে যেতেন না। তিনি তার কৃষিকাজ নিয়েই বর্ষা ও শীত মৌসুমে ব্যস্ত থাকতেন। স্পষ্টত, তোরাপ ডাক্তার ও অঘোর ডাক্তারের চরিত্র বিশ্লেষণে' দেখা যায় উভয়ই নিজ ব্যক্তিস্বার্থ উদ্ধারে তৎপর, তারা সামাজিক সেবায় নিয়োজিত ছিলেন না।


‘কাকতাড়ুয়া’ গল্পের বর্ণনামূলক প্রশ্ন- ১১:

নিচের ক ও খ প্রশ্ন দুটির উত্তর দাও:
ক. “অতি লোভে তাঁতি নষ্ট”—প্রবাদটির রূপায়ণ অঘোর চরিত্রের আলোকে দেখাও।
খ. অঘোর ডাক্তার ও তোরাপ ডাক্তারের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য উল্লেখপূর্বক তোমার নিজের মতামত বিশ্লেষণ করো।

ক. হাসান আজিজুল হক ‘হেমাপ্যাথি, এ্যালাপ্যাথি’ গল্পে অঘোর ডাক্তারের চরিত্রে লোভী মানসিকতা ফুটিয়ে তুলেছেন।
গল্পের প্রধান দুটি চরিত্র হলো দুই হাতুড়ে ডাক্তার অঘোর ডাক্তার যিনি হোমিওপ্যাথি অপরদিকে এ্যালাপ্যাথি চিকিৎসক ছিলেন তোরাপ ডাক্তার। গ্রামীণ পরিবেশের সহজ স্বাভাবিক জীবনকে গল্পে তুলে ধরা হয়েছে। মানবজীবনের একটি বৈশিষ্ট্য হলো আমাদের চাওয়ার শেষ নেই। আমরা যতই পাই না কেনো, আরও পেতে চাই, আরও পেতে চাই। আর একসময় এই অতিরিক্ত আকাক্সক্ষা, যা আমাদের সাধ্যের বাহিরে তা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠি, ঠিক তখনই আমরা বিপদে পড়ে যাই। এমনই ঘটেছে গল্পে বর্ণিত অঘোর ডাক্তার চরিত্রে। তিনি হোমিওপ্যাথি চিকিৎসক হওয়ায় লোকজন ছোটো ছোটো রোগ বালাই এর জন্য তার কাছে চিকিৎসার জন্য এলেও ভয়াবহ ম্যালেরিয়া জ্বরের চিকিৎসার জন্য যেতেন তোরাপের কাছে; যা অঘোর ডাক্তার সহ্য করতে পারতেন না। তাই তিনি লোভের বশবর্তী হয়ে যখন হোমিওপ্যাথি চিকিৎসা ছেড়ে নিজেই এ্যালোপ্যাথি চিকিৎসা শুরু করেন তখনই তিনি বিপদে পড়ে যান। ইদরিস নামের এক ব্যক্তিকে অপটু হাতে ইনজেকশন দিতে গিয়ে সূচ ভেঙে ফেলেন। যার কারণে তাঁকে লজ্জিত, অপমানিত হতে হয়। “অতি লোভে, তাঁতি নষ্ট” প্রভাবটি অঘোর ডাক্তার চরিত্রের আলোকে এভাবেই রূপায়িত হয়।

খ. “হেমাপ্যাথি, এ্যালাপ্যাথি’ গল্পে অঘোর ডাক্তার এবং তোরাপ ডাক্তারের মধ্যে সাদৃশ্য হলো উভয়ই গ্রাম্য হাতুড়ে ডাক্তার, স্বপ্নবিদ্যা অধিকারী এবং বৈসাদৃশ্য হলো তোরাপ ডাক্তারের তুলনায় অঘোর ডাক্তার প্রতারণাপূর্ণ এবং অধিক লোভী।
হাসান আজিজুল হক এক গ্রামীণ পরিবেশের দুই হাতুড়ে ডাক্তারের কাহিনি ছোটোগল্প আকারে উপস্থাপন করেছেন। এই দুই হাতুড়ে ডাক্তারের পারস্পরিক দ্বন্দ্ব সংঘাতের এবং তাদের স্বপ্নবিদ্যা দ্বারা চিকিৎসাপ্রদান জনদুর্ভোগ তৈরি করেছে বিভিন্ন সময়ে। গল্পে দেখানো হয়েছে, অঘোর হেমাপ্যাথি আর তোরাপ এ্যালাপ্যাথি চিকিৎসক হিসেবে গ্রামের মানুষকে চিকিৎসা দেয়। সাধারণ ছোটে ছোটা রোগ-বালাই এ মানুষজন হেমাপ্যাথি চিকিৎসা গ্রহণ করলেও ভয়াবহ মরণব্যাধি ম্যালেরিয়া জ্বরের চিকিৎসার জন্য সবাই এ্যালাপ্যাথি চিকিৎসক তোরাপ ডাক্তারের কাছেই যেতো। একজন ডাক্তার হিসেবে যে মানবিকবোধ তা তাদের মধ্যে ছিলো না। হাতুড়ে চিকিৎসার মাধ্যমে অনেকের জীবন বিপন্ন হয়ে গেছে। একই সিরিঞ্জের সুঁচ একাধিক মানুষের শরীরে ইনজেকশনের কারণে কিংবা ভুল জায়গায় সূচ ব্যবহারের কারণে অনেকে পঙ্গু হয়েছে, অনেকের জীবননাশের কথাও শোনা যায়। আবার তোরাপ ডাক্তার যখন কৃষির মৌসুমে তাঁর কাজ নিয়ে ব্যস্ত থাকতেন তখন তিনি চিকিৎসার ধার ধারতেন না। তখন যদি কোনো রোগী প্রচ- অসুস্থ, এমনকি যদি অসুস্থ হয়ে মারা যাওয়ার উপক্রম হতো তারপরও তিনি যেতেন না চিকিৎসার জন্য। এমন সব অমানবিক বৈশিষ্ট্য দেখা যায় তোরাপ ডাক্তারের চরিত্রে। অপরদিকে, অঘোর ডাক্তার চরিত্রেও লোভি মনোভাব ফুটে উঠেছে। তিনি সামান্য পানি সহযোগে পুড়িয়া তৈরি করে প্রতারণামূলক চিকিৎসা চালিয়েছেন। তাই বলা যায়, তোরাপ ডাক্তার ও অঘোর ডাক্তার চরিত্রের মধ্যে সাদৃশ্য রয়েছে বটে, তবে তুলনামূলকভাবে তোরাপ ডাক্তারের চেয়ে অঘোর ডাক্তারের নেতিবাচক বৈশিষ্ট্যই বেশি স্পষ্ট হয়েছে। এ ধরনের মানুষজন আমাদের সমাজের জন্য নেতিবাচক প্রভাব বয়ে আনে। যার যা কাজ নয় বা যে বিষয়ে যে অভিজ্ঞ নয়, তার দ্বারা বিশেষত চিকিৎসাপদ্ধতি চালানো সত্যিই ভীতিবহ। আবার চিকিৎসাসেবায় যে স্বার্থপরতা থাকতে নেই তাও এখানে সুচারুভাবে দুই হাতুড়ের চিকিৎসাকর্মে দেখানো হয়েছে।


তথ্যসূত্র :
১. আনন্দপাঠ: অষ্টশ শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা, ২০২৬।
২. আধুনিক বাংলা অভিধান: বাংলা একাডেমি, এপ্রিল, ২০১৮।
৩. ব্যবহারিক বাংলা অভিধান: বাংলা একাডেমি, ১৮তম, ২০১৫।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url